ডেস্ক রিপোর্ট
২৫ মে ২০২২, ৯:১৭ অপরাহ্ণ
খুলনা প্রতিনিধি:: সংগ্রাম পরিষদের সংশোধনী প্রস্তাব গ্রহণ করে প্রস্তাবিত ‘থ্রি হুইলার ও সমজাতীয় মোটরযানের সুষ্ঠু ব্যবস্থাপনা ও নিয়ন্ত্রণ নীতিমালা-২০২১’ চূড়ান্ত করে বিআরটিএ কর্তৃক ইজিবাইক ও ব্যাটারিচালিত রিকশার লাইসেন্স প্রদান, বর্ধিত রেকার চার্জ প্রত্যাহার এবং চালকদের উপর হয়রাণি-নির্যাতন বন্ধ করার দাবিতে খুলনায় সমাবেশ।
আজ বুধবার, ২৫ মে সকাল ১০টায় নগরীর পিকচার প্যালেস মোড়ে রিকশা, ব্যাটারি রিকশা-ভ্যান ও ইজিবাইক সংগ্রাম পরিষদ খুলনা মহানগর শাখার উদ্যোগে সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের কেন্দ্রীয় উপদেষ্টা ও বাংলাদেশের সমাজতান্ত্রিক দল-বাসদ কেন্দ্রীয় কমিটির সদস্য ডাঃ মনীষা চক্রবর্ত্তী।
সংগঠনের খুলনা মহানগর কমিটির আহবায়ক এস এম আলমগীর হোসেন বাবুর সভাপতিত্বে এবং সংগঠনের সদস্য সচিব ও বাংলাদেশের সমাজতান্ত্রিক দল-বাসদ খুলনা জেলা শাখার আহবায়ক জনার্দন দত্ত নান্টুর পরিচালনায় সমাবেশে আরো বক্তব্য রাখেন বাসদ খুলনা জেলা সদস্য সচিব কোহিনুর আক্তার কনা, বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) খুলনা মহানগর সভাপতি মিজানুর রহমান বাবু, সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্ট খুলনা জেলা সভাপতি আব্দুল করিম, সংগঠনের মহানগর কমিটির যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ মানিক মিয়া, হারুনুর রশিদ, শহিদুল শিকদার মনির, মোঃ শহিদ, জলমা ইউনিয়ন ইজিবাইক মালিক-শ্রমিক ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক জাহিদুর রহমান মিলন, কৈয়াবাজার ইজিবাইক মালিক-শ্রমিক সংগ্রাম পরিষদ নেতা রুবাইয়াতুল ইসলাম নতুন, শ্রমিক নেতা আব্দুল হাই, আব্দুর রাজ্জাক প্রমুখ।
ডাঃ মনীষা চক্রবর্ত্তী বলেন, ইজিবাইক ও ব্যাটারিচালিত রিকশার লাইসেন্সের দাবিতে দীর্ঘ ১২ বছর ধরে আন্দোলন চলার পরে একটি নীতিমালা প্রণয়ন হলেও এখনো এসব যানবাহনের লাইসেন্স আলোর মুখ দেখেনি। বরঞ্চ প্রতিনিয়ত অযৌক্তিকভাবে যত্রতত্র মামলা দিয়ে এসব শ্রমিকদের হয়রাণি করা হচ্ছে, গাড়ি আটকে রাখা হচ্ছে, অতিরিক্ত রেকার চার্জ নেয়া হচ্ছে। যানজট নিয়ন্ত্রণের জন্য রাস্তাঘাট প্রশস্ত না করে বা বাইপাস সড়ক নির্মাণ না করে শুধু রিকশা- ইজিবাইক শ্রমিকদের উপর এই হয়রাণি এক ধরনের জুলুম-নির্যাতন ছাড়া আর কিছুই নয়।
তিনি অবিলম্বে সংগ্রাম পরিষদের প্রস্তাবনা গ্রহণ করে প্রস্তাবিত ‘থ্রি-হুইলার ও সমজাতীয় মোটরযানের সুষ্ঠু ব্যবস্থাপনা ও নিয়ন্ত্রণ নীতিমালা-২০২১’ চূড়ান্ত করে ইজিবাইক ও ব্যাটারিচালিত রিকশার লাইসেন্স প্রদান, ব্যাটারিচালিত থ্রি-হুইলার গাড়ির বিষয়ে উচ্চ আদালতের রায় বাস্তবায়ন, মহাসড়কে সার্ভিস রোড চালু করা, অবিলম্বে ব্যাটারিচালিত ইজিবাইক ও অন্যান্য যানবাহনের উপর এই হয়রাণি-নির্যাতন বন্ধ করার দাবি জানান।