ডেস্ক রিপোর্ট
২০ মে ২০২২, ১১:১৩ অপরাহ্ণ
সিলেট প্রতিনিধি:: ২০শে মে “চা শ্রমিক দিবস” এবং ঐতিহাসিক মুল্লুকে চলো আন্দোলনের ১০১ তম বর্ষ উপলক্ষে “চা শ্রমিক অধিকার আন্দোলন” কেন্দ্রীয় কমিটির উদ্যোগে র্যালি, শ্রদ্ধাঞ্জলি অর্পণ এবং চা শ্রমিক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার, ২০ মে সকাল ৮ ঘটিকায় বগানে বাগানে ‘২০শে মে’ র শহীদদের স্মরণে শ্রদ্ধাঞ্জলী অর্পণ করা হয়। পরবর্তীতে বিকাল ৪ ঘটিকায় মালিনীছড়া পূজামণ্ডপে অনুষ্ঠিত র্যালি পরবর্তী সমাবেশে সভাপতিত্ব করেন চা শ্রমিক অধিকার আন্দোলন কেন্দ্রীয় কমিটির আহবায়ক কমরেড হৃদেশ মুদি এবং পরিচালনা করেন চা শ্রমিক নেতা বচন কালুহার। বক্তব্য রাখেন গনতান্ত্রিক শ্রমিক আন্দোলন কেন্দ্রীয় কমিটির আহবায়ক কমরেড অপু দাসগুপ্ত, বাংলাদেশের সাম্যবাদী আন্দোলন সিলেট জেলার সমন্বয়ক কমরেড সুশান্ত সিনহা সুমন, গনতন্ত্রী পার্টি সিলেট জেলার সভাপতি আরিফ মিয়া, চা শ্রমিক নেতা সন্তোষ বাড়াইক, সন্তোষ নায়েক, মিতা সিং, লাংকাট লোহার, শেলি দাস, হরি সবর, অরুন মুদি, অধির বাউড়ি, সাধনা কালুহার অশোক সিং, সুফল বাড়াইক, সাহিদুল ইসলাম সুহেল, প্রমূখ।
চা শ্রমিক সমাবেশে বক্তারা বলেন, আজ থেকে ১০১ বছর আগে সংঘটিত “মুল্লুকে চলো” আন্দোলন শোষণ বঞ্চনা নিপীড়নের বিরুদ্ধে চা শ্রমিকদের লড়াই সংগ্রাম গড়ে তোলার চেতনার উৎস। যে শোষণ নিপীড়নের বিরুদ্ধে আমাদের পূর্বসূরি চা শ্রমিক নেতৃবৃন্দ লড়াই সংগ্রাম গড়ে তুলেছিলন কালের পরিক্রমায় সে শোষন নিপীড়ন আজও বিদ্যমান। বৃটিশ এবং পাকিস্তানি শোষণের অবসানের মাধ্যমে বাংলাদেশ স্বাধীন হয়েছে। মুক্তিযুদ্ধে চা শ্রমিকরা বীরত্বপূর্ণ ভূমিকা পালন করে। কিন্তু স্বাধীনতার ৫০ বছরেও চা শ্রমিকদের উপর শোষণ বঞ্চনা নিপীড়নের অবসান হয়নি। দ্রব্যমূল্যের উর্ধগতির এই বাজার ব্যবস্হায়ও চা শ্রমিকদেরকে দৈনিক ১২০ টাকা মজুরিতে কাজ করতে বাধ্য করা হচ্ছে। চা শ্রমিকরা ন্যায়সঙ্গত মজুরি, চিকিৎসা, শিক্ষা, স্বাস্থ্য সহ মৌল মানবিক অধিকার থেকে যেমন বঞ্চিত রয়েছে তেমনি শত শত বছর থেকে বংশানুক্রমে বসবাস করেও একটি দেশের নাগরিক হিসেবে স্থায়ী আবাস ভূমির অধিকার না পেয়ে নিজ দেশে পরবাসী হয়ে প্রায় ১০ লক্ষ চা জনগোষ্ঠী জীবন যাপন করছে। এমন পরিস্থিতিতে চা শ্রমিকদের লড়াই সংগ্রাম গড়ে তোলার কোন বিকল্প নেই।
নেতৃবৃন্দ সবাইকে চা শ্রমিকদের রক্তে দিয়ে লেখা ২০ মে’র চেতনাকে ধারণ করে “চা শ্রমিক অধিকার আন্দোলন” ঘোষিত ১১ দফা দাবীর ভিত্তিতে আন্দোলন গড়ে তুলার আহবান জানান।