ডেস্ক রিপোর্ট
২০ এপ্রিল ২০২২, ৪:০১ অপরাহ্ণ
অধিকার ডেস্ক:: নিউমার্কেটে সংঘর্ষের ঘটনায় পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ প্রায় তিন ঘণ্টা নিষ্ক্রিয় ছিল। এই নিষ্ক্রিয়তার কী কারণ থাকতে পারে? যে কারণে দেশের মানুষ নিহত হবে, যে কারণে সমস্যা তৈরি হবে, এমন কি যখন বিএনপি’র ছোটখাটো একটি কর্মসূচিকে প্রতিরোধ করার জন্য মুহূর্তের মধ্যে হাজার হাজার পুলিশ জড়ো হয়ে যায়!
বুধবার (২০ এপ্রিল) রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার আন্দোলনে শহীদ, গুম ও নির্যাতনের শিকার ব্যক্তিদের পরিবারের মাঝে বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঈদ উপহার বিতরণের জন্য এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। এসময় ৬টি পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ করা হয়।
ফখরুল বলেন, ‘বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং তার সহধর্মিণী ডা. জোবায়দা রহমানের ১৫ বছরের আগের দুদকের একটি মামলা গতকাল রুজু করা হয়েছে। ড. খন্দকার মোশাররফ হোসেনের একটি মামলা একইভাবে রুজু করা হয়েছে’।
“বাংলাদেশে এখন ছদ্মবেশী একদলীয় শাসন ব্যবস্থা চলছে। আগামী নির্বাচনে কি করে তারা (আওয়ামী লীগ) আবার ক্ষমতায় আসবে সেই লক্ষ্যে সমস্ত কাজ করা শুরু করেছে।”
তিনি বলেন, আমাদের যারা খুন হয়েছে তাদেরকে আমরা ফিরে পাবো না, তাদের পরিবার কষ্ট পাচ্ছে; আর যারা গুম হয়েছে, তাদের পরিবার আরও বেশি কষ্ট পাচ্ছে কারণ তারা জানে না লোকটি বেঁচে আছে না খুন হয়েছে। এই মুহূর্তে আমাদের সবচেয়ে বড় প্রয়োজন—ঐক্যবদ্ধ হয়ে রুখে দাঁড়ানো এবং জাতিকে ঐক্যবদ্ধ করা।’
এ সময় উপস্থিত ছিলেন—বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু, চেয়ারপারসনের উপদেষ্টা বিজয় কান্তি সরকার, সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, চেয়ারপারসনের মিডিয়া উইংয়ের কর্মকর্তা শামসুদ্দিন দিদার ও শাহরুল কবির খান প্রমুখ।