ডেস্ক রিপোর্ট

৪ এপ্রিল ২০২২, ৩:৫৮ অপরাহ্ণ

সিরাজগঞ্জে প্রাইভেট না পড়ায় ছাত্রীর হাত ভাঙার ঘটনায় তদন্ত কমিটি গঠন

আপডেট টাইম : এপ্রিল ৪, ২০২২ ৩:৫৮ অপরাহ্ণ

শেয়ার করুন

অধিকার ডেস্ক:: সিরাজগঞ্জের তাড়াশে প্রধান শিক্ষকের কাছে প্রাইভেট না পড়ায় অফিস রুমে ডেকে দশম শ্রেণির ছাত্রীকে বেধড়ক পিটিয়ে হাত ভেঙে দেওয়ার অভিযোগ তদন্তের জন্য তিন সদস্যের কমিটি গঠন করা হয়েছে।

তাড়াশ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মেজবাউল করিম গতকাল রোববার সন্ধ্যায় উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা ফকির জাকির হোসেনকে প্রধান করে তিন সদস্যের ওই তদন্ত কমিটি গঠন করেন। কমিটির অপর দুই সদস্য হলেন- সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মাহমুদুর রহমান ও উপজেলা প্রোগ্রাম কর্মকর্তা আবু রায়হান। আর ওই কমিটিকে ঘটনা তদন্ত করে তিন কর্ম দিবসের মধ্যে সংশ্লিষ্ট দপ্তরে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।

আজ সোমবার সমকালকে এ তথ্য নিশ্চিত করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মেজবাউল করিম। তিনি জানিয়েছেন, স্কুল ছাত্রী মাহিয়াকে পিটিয়ে হাত ভাঙার বিষয়ে তার বাবা মজিবর রহমান একটি লিখিত অভিযোগ করেছেন। তারই প্রেক্ষিতে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তাকে প্রধান করে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তদন্ত প্রতিবেদন পেলে সেই অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

উল্লেখ্য, গত শনিবার দুপুরে টিফিনের পর তাড়াশ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্রী মাহিয়া বান্ধবীদের সঙ্গে গল্প করছিল। এ সময় প্রধান শিক্ষক মো. আলী হাসান তাকে অফিস কক্ষে ডেকে নিয়ে মারধর করেন। তার কাছে প্রাইভেট না পড়ায় আগে থেকে মাহিয়ার ওপর আক্রোশ ছিল বলে লিখিত অভিযোগে উল্লেখ করেছেন মাহিয়ার বাবা মজিবর রহমান।

পরে অন্য শিক্ষার্থীরা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। এ সময় তাড়াশ উপজেলা হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক রুম্মন খান এক্সরে করে জানান, মাহিয়ার বাম হাতের কব্জির উপরের হাড় ফেটে গেছে। এ ঘটনায় সমকালসহ বিভিন্ন দৈনিকের অনলাইনও প্রিন্ট ভার্সনে খবর প্রকাশিত হয়।

শেয়ার করুন