ডেস্ক রিপোর্ট
৩০ মার্চ ২০২২, ১২:১১ পূর্বাহ্ণ
অধিকার ডেস্ক:: ‘গণসংগীতের অঙ্গীকার-সাম্য সম্প্রীতির বাংলাদেশ’ স্লোগান ধারণ করে স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে বাংলাদেশ গণসংগীত সমন্বয় পরিষদ আয়োজন করেছে চার দিনব্যাপী তৃতীয় জাতীয় গণসংগীত উৎসব। ২৯ মার্চ থেকে ১ এপ্রিল শিল্পকলা একাডেমির উন্মুক্ত চত্বরে প্রতিদিন বিকাল ৪টায় এ উৎসব অনুষ্ঠিত হচ্ছে। উৎসবের প্রথম দিন সংগীত পরিবেশন করেছে বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী।
বিশিষ্ট সংগীতশিল্পী হাবিবুল আলমের নেতৃত্বে ” মারো জোয়ান হেইয়ো মারো কষে টান”, “মানবোনা এই বন্ধনে না মানবো না এই শৃঙ্খলে”, “অধিকার কে কাকে দেয়” এই গানগুলো পরিবেশন করা হয়। সংগীত দলে ছিলেন সুরাইয়া পারভীন ,উর্বি,স্বাধীন,সোনিয়া,কাঁকন,লিপি,স্মিতা,সায়মা, ইকবাল,তারেক,অবিনাশ,উজান জাকির,বাঁধন ,দিগন্ত,মিন্টু প্রমুখ।
মঙ্গলবার বিকাল পাঁচটায় উৎসবের উদ্বোধন করেন সংস্কৃতি বিষয়ক প্রতিমন্ত্রী কে এম খালিদ।
জাতীয় গণসঙ্গীত উৎসবের আহ্বায়ক গোলাম কুদ্দুছ বলেন, “গণসঙ্গীত লড়াই-সংগ্রামের হাতিয়ার। মুক্তিযুদ্ধের মূল লক্ষ্য এখনও অর্জিত হয়নি। রাষ্ট্র অনেক দূর এগিয়ে গেলেও শ্রেণি-বৈষম্য এখনও প্রকট। বিষয়টি মাথায় রেখে উৎসবের শ্লোগান নির্বাচন করা হয়েছে ‘গণসঙ্গীতের অঙ্গীকার, সাম্য সম্প্রীতির বাংলাদেশ’।
৪০টি দলের অংশগ্রহণে এ আয়োজনে বর্ণবাদবিরোধী গণসঙ্গীত থেকে ব্রিটিশবিরোধী আন্দোলন, স্বাধীনতা সংগ্রাম, ভাষা আন্দোলনসহ বিষয়ভিত্তিক গান পরিবেশন করা হবে।
পাশাপাশি নৃত্য, আবৃত্তি ও সেমিনারও থাকবে।
উৎসবের সমন্বয়কের দায়িত্বে আছেন মানজার চৌধুরী সুইট ও সদস্য সচিবের দায়িত্বে আছেন শিল্পী ফকির সিরাজুল ইসলাম।