ডেস্ক রিপোর্ট
১৩ ফেব্রুয়ারি ২০২২, ৫:১৩ অপরাহ্ণ
অধিকার ডেস্ক :: রাতের বেলা ক্রিকেট ম্যাচ মানেই শিশিরের উপদ্রব। যা প্রায় সময়ই ম্যাচের ফল নির্ধারণে রাখে বড় ভূমিকা। দেখা যায়, টস জেতা দল আগে ফিল্ডিং নেয় বেশিরভাগ সময়। যাতে পরে ব্যাটিং করার সময় শিশিরের সুবিধা কাজে লাগিয়ে সহজে রান তুলতে পারে।
এটি ব্যাটিং দলের জন্য একপ্রকার সুবিধা হলেও বোলারদের জন্য বড়সড় ঝামেলাই বটে। কেননা শিশিরের কারণে বলের গ্রিপ করা যায় না একদমই, ওজনও বেড়ে যায় অনেক। ফলে নিজেদের স্বাভাবিক বোলিং দূরে থাক, কোনোমতে ওভার শেষ করাই হয়ে পড়ে দূরহ ব্যাপার।
এই সমস্যা সমাধানে এক উপায় খুঁজে বের করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড। চলতি পাকিস্তান সুপার লিগ (পিএসএল) ক্রিকেটে শিশিরের উপদ্রব কমাতে কেমিক্যাল স্প্রে ব্যবহার করছে পিসিবি। যা আমদানি করা হয়েছে দুবাই থেকে।
এরই মধ্যে পিএসএলের লাহোর পর্বে এই কেমিক্যাল স্প্রের সুফল দেখা যাচ্ছে। মাঠে খেলা শুরুর ঘণ্টা তিনেক আগেই ঘাসের মধ্যে এই স্প্রে করা হয়। যা কি না রাতের বেলা শিশির নিয়ন্ত্রণে অনেক সাহায্য করে। খবরটি জানাচ্ছে ক্রিকেটপাকিস্তানডটকম।
পাকিস্তান ক্রিকেট বোর্ডের এক সূত্র ক্রিকেটপাকিস্তানডটকমকে বলেছেন, ‘একটি নির্দিষ্ট পরিমাণ স্প্রে ১০০ লিটার পানির সঙ্গে মেশানো হয়। পরে তা মাঠের আউটফিল্ডে ছিটিয়ে দেওয়া হয়। রাতে শিশির পড়লে এই স্প্রে তা শুষে নেয়।’
এই স্প্রে ব্যবহার শুরুর পর থেকে পিএসএলে টসের প্রভাব কমতে শুরু করেছে। অর্থাৎ এখন আর টস জিতে আগে ফিল্ডিং করলেই জয় নিশ্চিত থাকছে না। কেননা দ্বিতীয় ইনিংসে শিশিরের উপদ্রব কম থাকায় বোলাররা নিজেদের স্বাভাবিক বোলিং করতে পারছে।