ডেস্ক রিপোর্ট
১১ ফেব্রুয়ারি ২০২২, ৫:২৬ অপরাহ্ণ
অধিকার ডেস্ক :: উপচার্যের পদত্যাগ দাবিতে আন্দোলনরত শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সঙ্গে বৈঠকে বসেছেন শিক্ষামন্ত্রী ডা. দিপু মনি।
শুক্রবার বেলা আড়াইটায় সিলেট সার্কিট হাউজে শিক্ষামন্ত্রীর সঙ্গে আলোচনায় বসেন শাবির আন্দোলনকারী শিক্ষার্থীদের ১১ জনের একটি প্রতিনিধি দল।
উপাচার্যের পদত্যাগ ও অন্যান্য দাবি নিয়ে শিক্ষামন্ত্রীর সঙ্গে আলোচনা করবেন বলে জানিয়েছেন বৈঠকে অংশ নেওয়া শিক্ষার্থীরা। এই বৈঠকের পর শিক্ষামন্ত্রী শাবি ক্যাম্পাসে যাবেন।
আন্দোলনকারী শিক্ষার্থীদের মুখপাত্র শিক্ষার্থীদের মুখপাত্র নাফিসা আঞ্জুম ইমু জানান, সার্কিট হাউসে আলোচনা শেষে শিক্ষামন্ত্রী ক্যাম্পাসে আসবেন সাধারণ শিক্ষার্থীদের সামনে তার বক্তব্য জানাতে। ইতিমধ্যেই শাবিতে অবস্থান নিয়েছেন সাধারণ শিক্ষার্থীরা।
শিক্ষার্থীদের প্রতিনিধি দলের মধ্যে রয়েছেন: মুহাইমিনুল বাশার রাজ (ফিজিক্স), ইয়াসির সরকার (ফিজিক্স), নাফিসা আনজুম (লোকপ্রশাসন), সাব্বির আহমেদ (লোকপ্রাশাসন), আশিক হোসাইন মারুফ (ওশেনোগ্রাফি), সাবরিনা শাহরিন রশীদ (ফিজিক্স), সুদীপ্ত ভাস্কর (ফিজিক্স), শাহরিয়ার আবেদীন (ফিজিক্স), আমেনা বেগম (সিভিল), মীর রানা (অর্থনীতি) ও জাহিদুল ইসলাম অপূর্ব।
এর আগে, সকালে সিলেট সার্কিট হাউস মিলনায়তনে জেলা ও মহানগর আওয়ামী লীগের নেতাদের সঙ্গে মতবিনিময় সভায় ডা. দিপু মনি বলেন, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের আমন্ত্রণে সাড়া দিয়ে আমরা এসেছি। সেখানে কিছু প্রশাসনিক কাজকর্ম আছে সেগুলো দেখব। সমস্যা সমাধানে সরকার সব ধরনের চেষ্টা করছে। তাদের সমস্যা নিয়ে কথা বলব। সব সমস্যাই আলোচনার মাধ্যমে সমাধান করা সম্ভব। এক্ষেত্রে শিক্ষার্থীদেরও অধিকারের পাশাপাশি দায়িত্বও রয়েছে।
উল্লেখ্য, গত ১৩ই জানুয়ারি বিশ্ববিদ্যালয়ের বেগম সিরাজুন্নেচ্ছা চৌধুরী ছাত্রী হলের নানা অব্যবস্থাপনা নিয়ে আন্দোলন শুরু করে শিক্ষার্থীরা। পরে ১৬ই জানুয়ারি আন্দোলনকারীদের ওপর পুলিশের গুলি ও লাঠিচার্জের পর আন্দোলনকারীরা উপাচার্যের পদত্যাগ দাবিতে আন্দোলন চালিয়ে যাচ্ছেন। ২৬শে জানুয়ারি আমরণ অনশন ভেঙে নানা কর্মসুচীতে শিক্ষার্থীরা আন্দোলন করছেন। দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে বলে জানান শিক্ষার্থীরা।