ডেস্ক রিপোর্ট
৭ ফেব্রুয়ারি ২০২২, ৬:৩০ অপরাহ্ণ
অধিকার ডেস্ক:: চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সম্পাদক জায়েদ খানের পদ বাতিলে আপিল বোর্ডের সিদ্ধান্ত স্থগিত করেছে হাইকোর্ট।
সোমবার জায়েদের এক আবেদনের প্রেক্ষিতে বিচারপতি মামনুন রহমান ও বিচারপতি খোন্দকার দিলীরুজ্জামানের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেয়।
আপিল বোর্ডের প্রার্থিতা বাতিলের বৈধতা চ্যালেঞ্জ করে সোমবার জায়েদের আইনজীবী নাহিদ সুলতানা যুথি হাইকোর্টে আবেদনটি করেন।
জায়েদ খান বলেন, ‘হাইকোর্টের রায়ে ন্যায়বিচার পেয়েছি। সোহান সাহেবরা অবৈধভাবে আমার বিরুদ্ধে রায় দিয়েছিলেন। হাইকোর্ট সেটা স্থগিত করেছে।’
গত ৫ ফেব্রুয়ারি চিত্রনায়িকা নিপুণের অভিযোগ আমলে নিয়ে নির্বাচনের আপিল বোর্ডের চেয়ারম্যান সোহানুর রহমান সোহান জায়েদের প্রার্থিতা বাতিল করেন ও নিপুণকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় সাধারণ সম্পাদক পদে জয়ী ঘোষণা করেন।
উল্লেখ্য, গত ২৮ জানুয়ারি অনুষ্ঠিত হয়েছিল চলচ্চিত্র শিল্পী সমিতির ২০২২-২৪ মেয়াদের নির্বাচন। এর প্রাথমিক ফলাফলে সভাপতি পদে জয়ী হন ইলিয়াস কাঞ্চন, এবং সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হন জায়েদ খান।
তবে পরবর্তীতে জায়েদ খানের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ ওঠে। অভিযোগটি তোলেন তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী নায়িকা নিপুণ। নির্বাচনে ‘ভোট কেনার’ অভিযোগ তুলে নবনির্বাচিত সাধারণ সম্পাদক জায়েদ খানের প্রার্থিতা বাতিলের আবেদন করেছিলেন পরাজিত প্রার্থী নিপুণ আক্তার। এই পদে পুনরায় ভোটের দাবিও তুলেছিলেন তিনি।