ডেস্ক রিপোর্ট
৩০ জানুয়ারি ২০২২, ১০:৫০ অপরাহ্ণ
অধিকার ডেস্ক:: সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্রকারীদের হুশিয়ার করে দিয়ে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য অ্যাডভোকেট জাহাঙ্গীর কবির নানক বলেছেন, যতই ষড়যন্ত্র করুক আর যতই ভয় দেখানো হোক, কোনো লাভ হবে না। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশের উন্নয়ন কেউ ঠেকাতে পারবে না।
রোববার দুপুরে ছাত্রলীগের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার হলগুলোর সমন্বিত সম্মেলনে তিনি এসব কথা বলেন।
কারও দয়ায় শেখ হাসিনা ক্ষমতায় আসেননি উল্লেখ করে তিনি বলেন, ‘টানা ১৩ বছর একটানা ক্ষমতায় রয়েছে আওয়ামী লীগ। শেখ হাসিনা ওয়াদা করেছিলেন, দেশে ফিরে এসে মানুষের দোরগোড়ায় গণতন্ত্র ফিরিয়ে দেবেন। সেই সংকল্প নিয়ে লড়াই করেছেন তিনি। বারবার ষড়যন্ত্র হয়েছে, হত্যার চেষ্টা করা হয়েছে তাকে। তিনি জনগণের আস্থা অর্জন করে ক্ষমতায় এসেছেন। কারও দয়ায় তিনি ক্ষমতায় আসেননি।’
‘বিএনপিকে ভালো লাগে না রোগে ধরেছে’ উল্লেখ করে সাবেক মন্ত্রী নানক বলেন, ‘যারা দেশকে ধ্বংস করেছে, লুটপাট করেছে তাদের ভালো লাগে না। কাদের ভালো লাগে না? যারা একাত্তরের মুক্তিযুদ্ধে দেশের বিরোধিতা করেছে, যাদের মনে সাম্প্রদায়িকতা প্রোথিত তাদের। এদের কোনো কিছুই ভাল লাগে না। তাদের ভালো লাগে না রোগে পেয়েছে। এই রোগের ওষুধ আমাদের কাছে নাই। জনগণের কাছে রয়েছে। আগামী নির্বাচনে জনগণ সে ওষুধ ব্যবহার করে তাদের বঙ্গোপসাগরে ছুঁড়ে ফেলবে।’
আওয়ামী লীগের জ্যেষ্ঠ নেতা নানক বলেন, ‘এখন বলা হচ্ছে তাদের নেতৃত্বে একদফাভিত্তিক জোট গঠন হবে। কাদের ভয় দেখায়? যারা আইয়ুব, ইয়াহিয়া খানকে মোকাবিলা করেছে তাদের? ভয় দেখিয়ে কোনো লাভ নেই। জনগণের শক্তিই হলো শেখ হাসিনার শক্তি। জনগণের শক্তি দিয়ে এটি মোকাবিলা করা হবে। এ দেশে বিরোধী দল করতে হলে তাকেও মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি হতে হবে।’
ছাত্রলীগের সাবেক নেতা জাহাঙ্গীর কবির নানক বলেন, ‘ঢাকা বিশ্ববিদ্যালয় পবিত্র শিক্ষার পাদপীঠ। ঢাকা বিশ্ববিদ্যালয় গণতন্ত্রের জন্য লড়ায় করেছিল। বঙ্গবন্ধুর নেতৃত্বে দেশকে সুসজ্জিত করেছিল ছাত্রলীগ। পঁচাত্তরের ১৫ আগস্ট প্রতিবাদ-প্রতিরোধ গড়েছিল ছাত্রলীগই। ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ সকল আন্দোলনের স্রষ্টা, সূতিকাগার। ঢাকা বিশ্ববিদ্যালয় আমাদের চির ঠিকানা, আমাদের উত্থান এখান থেকেই। এখান থেকেই আমরা ছাত্রলীগের পদ-পদবী পেয়েছি।’
দলীয় নেতাকর্মীদের উদ্দেশে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য আবদুর রহমান বলেন, ‘একটি গোষ্ঠী পানি ঘোলা করার চেষ্টা করছে। তাই আমি নেতাকর্মীদেরকে বলব আপনারা প্রস্তুত হন। সকল ষড়যন্ত্র প্রতিহত করে শেখ হাসিনার হাতকে আরও শক্তিশালী করতে হবে। আগামী নির্বাচনের আগে সকল নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হতে হবে ‘
সম্মেলনে আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দীন নাছিম বলেন, ‘যারা মুক্তিযুদ্ধের বিরোধিতা করেছিল, তারা কীভাবে বিএনপির বন্ধু হয়? তাদের সঙ্গে হাতে হাত মিলিয়ে মুক্তিযুদ্ধের চেতনায় উজ্জীবিত গণতান্ত্রিক বাংলাদেশে বিশ্বাস করে! এটা কি আমাদের বিশ্বাস করতে হবে? যারা বাংলাদেশের বিরুদ্ধে বিদেশে অপপ্রচার করে, অর্থ বিনিয়োগ করে, লবিস্ট নিয়োগ করে, তাদের কবর রচনা করতে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগকে এগিয়ে আসতে হবে।’
এসময় আরো বক্তব্য দেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও সাবেক ছাত্রনেতা বি এম মোজাম্মেল হক, ছাত্রলীগ সভাপতি আল নাহিয়ান খান জয় ও সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য।
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হল শাখা ছাত্রলীগের সভাপতি বরিকুল ইসলাম বাঁধনের সভাপতিত্বে সম্মেলনের উদ্বোধন করেন ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সভাপতি সনজিত চন্দ্র দাস। প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেন।