ডেস্ক রিপোর্ট

১৬ জানুয়ারি ২০২২, ৯:৫৯ অপরাহ্ণ

ইংল্যাণ্ডের বিপক্ষে ৯৭ রানে অলআউট বাংলাদেশ

আপডেট টাইম : জানুয়ারি ১৬, ২০২২ ৯:৫৯ অপরাহ্ণ

শেয়ার করুন

অধিকার ডেস্ক:: অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ টুর্নামেন্টে নিজেদের প্রথম ম্যাচে ইংল্যান্ডের বিপক্ষে ৯৭ রানে অলআউট হয়েছে টাইগার যুবারা।

অনূর্ধ্ব-১৯ ক্রিকেটে বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন বাংলাদেশ। ২০২০ সালে আকবর আলীর দল ভারতকে হারিয়ে প্রথমবারের মতো যেকোনো পর্যায়ে বাংলাদেশকে বিশ্বসেরার মর্যাদা এনে দিয়েছিল। বিশ্বসেরার তকমা নিয়ে পরের বিশ্বকাপে আজই প্রথম মাঠে নামল দল। বিশ্বকাপ জেতা দলের দুজনকে নিয়ে নামা বাংলাদেশ দল আজ নিজেদের প্রথম ম্যাচে ইংল্যান্ডের যুবাদের বিপক্ষে গুটিয়ে গেছে ৯৭ রানে।

এ রানটাও এসেছে শেষ উইকেট জুটির সুবাদে। প্রথম ৯ উইকেটে এসেছিল ৫১ রান। রিপন মন্ডল ও নাইমুর রহমানের ৪৬ রানের জুটিতেই নিজেদের ইতিহাসের পাঁচ সর্বনিম্ন রানের রেকর্ড গড়ার হাত থেকে বেচেছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। বিশ্বকাপে এর চেয়ে কম রানে আর মাত্র দুবার অলআউট হয়েছে বাংলাদেশ।

সেন্ট কিটস অ্যান্ড নেভিসে আজ টসে জিতে ব্যাটিং নিয়েছিলেন অধিনায়ক রকিবুল হাসান। কিন্তু ইংলিশ পেসারদের এতে সুবিধাই হয়েছে। প্রথম ওভারে ২ রান দিয়েছিলেন জশুয়া বয়ডেন। এরপর টানা দুই ওভার হলো মেডেন। চতুর্থ ওভারে বাংলাদেশ পেল ৩ রান।

বাংলাদেশের ব্যাটিংয়ের কদর্য রূপের দেখা মিল পঞ্চম ওভার থেকে। বয়ডেনের বলে উইকেটকিপারে হাতে ক্যাচ দিলেন মাহফিজুল (৩)। ৫ ওভার শেষে ১ উইকেটে ৬ রান তুলল বাংলাদেশ। ১০ ওভার শেষে বাংলাদেশের স্কোরকার্ড ১০/৪!

অন্য ওপেনার আরিফুলকেও (৪) উইকেটকিপারের হাতে ক্যাচ দেওয়াতে বাধ্য করেছেন বয়ডেন। অষ্টম ওভারে প্রান্তিককে (০) ফিরিয়েছেন অন্য পেসার জেমস সেলস। দশম ওভারে দলের বিপদ বাড়িয়ে রান আউট মোহাম্মদ ফাহিম। ২ রানের মধ্যে ৪ উইকেট হারিয়ে কাঁপছে তখন বাংলাদেশ।

ইনিংস যত এগিয়েছে, কাঁপুনি তত বেড়েছে। পঞ্চম উইকেট জুটিতে ১৮ রান এনে দিয়েছেন আশিকুর জামান ও আইচ মোল্লাহ। ৯ রানে থাকা আশিকের হঠাৎ পুল করতে ইচ্ছা হলো, দলকে ২৬ রানে রেখে ফিরলেন আশিক। ৫ রান পর বিদায় নিলেন আইচ (৫)।

আবদুল্লাহ আল মামুন ও মেহেরব হাসান ১৯ রানের জুটি গড়েছেন এরপর। দলকে পঞ্চাশ এনে দিয়েই ফিরে গেলেন মেহেরব। ৫ ওভারের প্রথম স্পেলে মাত্র ৩ রান দিয়ে ২ উইকেট পেয়েছেন বয়ডেন। বয়ডেনের দ্বিতীয় স্পেলের প্রথম ওভারেই খেলবেন কি খেলবেন না, এই চিন্তা করতে গিয়ে আউট হয়েছেন আবদুল্লাহ। বয়ডেন তার পরের ওভারে তুলে নিয়েছেন বাংলাদেশের অধিনায়ক রকিবুলকে (০)। এর আগের ওভারেই মেহেরবকে (১৪) ফিরিয়েছেন আসপিনওয়াল।

৫১ রানে নবম উইকেট হারানো বাংলাদেশ যে এরপর এত রান করল, তার পেছনে অবদান পুরোটাই রিপন মন্ডলের। ১১তে নামা এই পেসার ৫ চার ও ১ ছক্কায় ৪১ বলে ৩৩ রান তুলে অপরাজিত ছিলেন। তাঁর সঙ্গী নাইমুর রহমান করেছেন ১১ রান। যদিও জুটিটা ৭ রানেই থামতে পারত। সেলসকে মারতে গিয়ে ক্যাচ তুলে দিয়েছিলেন রিপন। কিন্তু ৬ রানে থাকা রিপনের ক্যাচ ফেলে দিয়েছেন বয়ডেন। পরে বয়ডেনের বলে ইনিংসের প্রথম ছক্কা মেরে রিপন জ্বালা আরও বাড়িয়েছেন।

১৬ রানে ৪ উইকেট পেয়েছেন বয়ডেন, ১৮ রানে ২ উইকেট টমাস আসপিনওয়াল।

 

শেয়ার করুন