ডেস্ক রিপোর্ট

১৪ জানুয়ারি ২০২২, ৬:৫৭ অপরাহ্ণ

ভবদহ অঞ্চলের জলাবদ্ধতার কারনে লক্ষ মানুষের জীবন হুমকির মুখে: বামজোট

আপডেট টাইম : জানুয়ারি ১৪, ২০২২ ৬:৫৭ অপরাহ্ণ

শেয়ার করুন

অধিকার ডেস্ক:: বাম গণতান্ত্রিক জোটের কেন্দ্রীয় নেতৃবৃন্দ আজ শুক্রবার, ১৪ই জানুয়ারি গণমাধ্যমে প্রদত্ত এক বিবৃতিতে বলেন,যশোরের ভবদহ ও তৎসংলগ্ন এলাকায় বহুবছরের জলাবদ্ধতা এলাকার লক্ষ লক্ষ মানুষের জীবন ও জীবিকাকে গুরুতর হুমকির মধ্যে ফেলে দিয়েছে।ধারাবাহিক ফসলহানিতে ঘরে ঘরে হাহাকার দেখা দিয়েছে। জলাবদ্ধতা নিরসনে সরকারি প্রকল্প ও তৎপরতা আত্মঘাতী হয়ে দেখা দিয়েছে। সরকারি পদক্ষেপসমূহ উল্টো সংকট আরও বাড়িয়ে দিয়েছে।

বিবৃতিতে জোটের নেতৃবৃন্দ জলাবদ্ধতায় বিপর্যস্ত ভবদহ অঞ্চলকে রক্ষায় ‘ভবদহ পানি নিষ্কাশন সংগ্রাম কমিটি’র জরুরী দাবি ও আন্দোলনের সাথে সংহতি জানান।

নেতৃবৃন্দ জলাবদ্ধতা নিরসনে সরকারি আত্মঘাতী সেচ প্রকল্প বাতিল, ক্রাশ প্রগ্রামে মাঘী পূর্ণিমার আগেই বিল কপালিয়া টি আর এম চালুসহ সংগ্রাম পরিষদের ছয় দফা বাঁচার দাবি বাস্তবায়নে জরুরী ভিত্তিতে পদক্ষেপ নিতে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানসহ সরকারের প্রতি দাবি জানিয়েছেন। একই সাথে নেতৃবৃন্দ,অপরিকল্পিত, স্বেচ্ছাচারী ও কর্মকর্তাদের মুনাফাকেন্দ্রীক যাবতীয় প্রকল্প বন্ধ করে জনদাবি ও বাস্তব অভিজ্ঞতা কাজে লাগিয়ে ভবদহ অঞ্চলের বহু বছরের দুঃখ মোচনের দাবি জানান।

বিবৃতি প্রদান করেন বাম গণতান্ত্রিক জোটের সমন্বয়ক বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক , বাংলাদেশের কমিউনিস্ট পার্টির সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম ও সাধারণ সম্পাদক শাহ আলম,বাংলাদেশের সসমাজতান্ত্রিক দলের সাধারণ সম্পাদক খালেকুজ্জামান, গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জোনায়েদ সাকি, ইউনাইটেড কমিউনিস্ট লীগের সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন নান্নু, গণতান্ত্রিক বিপ্লবী পার্টির সাধারণ সম্পাদক মোশরেফা মিশু, বাংলাদেশের সমাজতান্ত্রিক দল( মার্কসবাদী)ভারপ্রাপ্ত আহবায়ক ফখরুদ্দিন কবির আতিক, ওয়ার্কার্স পার্টির ( মার্কসবাদী)সাধারণ সম্পাদক ইকবাল কবির জাহিদ, বাংলাদেশের সমাজতান্ত্রিক আন্দোলনের সভাপতি হামিদুল হক।

শেয়ার করুন