ডেস্ক রিপোর্ট
১৩ জানুয়ারি ২০২২, ১১:২৯ অপরাহ্ণ
অধিকার ডেস্ক:: আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানানোর এক সপ্তাহের মাথায় ইউ-টার্ন নিলেন শ্রীলঙ্কার ব্যাটার ভানুকা রাজাপাক্ষে। অবসরের সিদ্ধান্ত পরিবর্তন করেছেন তিনি।
৩০ বছর বয়সী দুই ক্রিকেটার ভানুকার পর দানুশকা গুনাথিলকার (টেস্ট থেকে) অবসরে হইচই পড়ে যায় শ্রীলঙ্কার ক্রিকেটাঙ্গান। যার জন্য অবসরের বিষয়ে নতুন নীতিমালাও প্রণয়ন করে দেশটির ক্রিকেট বোর্ড। এবার শ্রীলঙ্কার ক্রীড়ামন্ত্রীর অনুরোধে সাড়া দিয়ে অবসর ভাঙার সিদ্ধান্ত নিলেন ভানুকা।
গত বুধবার (৫ জানুয়ারি) আচমকা আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দেন তিনি। অবসরের কারণ হিসেবে পরিবারকে সময় দেওয়ার কথা উল্লেখ করেন তিনি।
শ্রীলঙ্কা ক্রিকেটকে (এসএলসি) দেওয়া চিঠিতে ভানুকা লেখেন, ‘আমি অত্যন্ত গভীরভাবে একজন ক্রিকেটার, একজন স্বামী হিসেবে নিজের পরিস্থিতি বিচার করেছি। তারপরেই পিতৃত্ব এবং অন্যান্য পারিবারিক বাধার কারণে আমি এই সিদ্ধান্তে উপনীত হয়েছি।’
৩০ বছর বয়সী ভানুকার ওয়ানডে ক্যারিয়ার ৬ মাসেরও কম। ২০২১ সালের জুলাইয়ে তার অভিষেক হয়। দুই ফরম্যাট মিলে আন্তর্জাতিক ক্রিকেটে ভানুকার রান ৪০৯। ফিফটি তিনটি।
শ্রীলঙ্কার হয়ে সবশেষ টি-টোয়েন্টি বিশ্বকাপেও খেলেছেন ভানুকা। দলের হয়ে আসরে তৃতীয় সর্বোচ্চ রান সংগ্রাহক ছিলেন তিনি। ৮ ম্যাচে করেছিলেন ১৫৫ রান।