ডেস্ক রিপোর্ট
২৭ ডিসেম্বর ২০২১, ৮:৫৫ অপরাহ্ণ
চট্টগ্রাম প্রতিনিধি :: কক্সবাজারে পর্যটক নারীকে ধর্ষণের ঘটনার প্রতিবাদে ও ধর্ষকদের বিচারের দাবিতে বাংলাদেশের সমাজতান্ত্রিক দল বাসদ ও সমাজতান্ত্রিক মহিলা ফোরাম চট্টগ্রাম জেলার উদ্যোগে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয় আজ বিকাল ৪টায় নগরীর নিউমার্কেট মোড়ে।
সমাবেশে বক্তব্য রাখেন, বাসদ চট্টগ্রাম জেলার সমন্বয়ক আল কাদেরী জয়, সদস্য মহিন উদ্দিন, সমাজতান্ত্রিক মহিলা ফোরাম চট্টগ্রাম জেলার সংগঠক জোবাইর বিনা, বাংলাদেশ ট্যুরিজম এন্ড হোটেল ওয়ার্কারস এমপ্লয়ীজ ফেডারেশন চট্টগ্রাম জেলার আহবায়ক আব্দুল মান্নান।
সমাবেশ পরিচালনা করেন সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট চট্টগ্রাম নগর শাখার সভাপতি রায়হান উদ্দিন।
সমাবেশে বক্তারা বলেন, ” কক্সবাজারের ধর্ষণের ঘটনা কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়। চলমান যেই বিচারহীনতার সংস্কৃতি ও ক্ষমতার যেই অপরাজনীতি তার ধারাবাহিক ফলই কক্সবাজারের এই ঘটনা। সরকার একদিকে উন্নয়নের ফাঁকা বুলি, নারীর উন্নয়নের কথা বলছে, অন্যদিকে আমরা দেখছি স্বাধীনতার ৫০ বছর পরে এসেও নারীর নিরাপত্তা আজও নিশ্চিত করা যায়নি, নারী ধর্ষণ, নিপীড়ন, নির্যাতন এর সংখ্যা ও এর বর্বরতা প্রতিদিন বাড়ছে ক্রমান্বয়ে। অধিকাংশ ঘটনায়ই আমরা দেখতে পাই অপরাধ ও অপরাধীর সাথে ক্ষমতার সংযোগ। কক্সবাজারের ঘটনাতেও আমরা দেখতে পাই অপরাধীরা যুক্ত আছে ক্ষমতাসীন রাজনীতির সাথে, এমনকি বিভিন্ন অপরাধে থানায় মামলা থাকলেও ক্ষমতার প্রভাবে তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা প্রশাসন নেয়নি।
সমাবেশ থেকে বক্তারা,আজকে এই ধর্ষণসহ যাবতীয় নিপীড়ন, নির্যাতন বন্ধ করে নারীর সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে ও এই বিচারহীনতার সংস্কৃতি ভাঙতে সকল স্তরের জনসাধারণের প্রতি আহবান জানান।
পাশাপাশি কক্সবাজারের ঘটনার সাথে জড়িত অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান নেতৃবৃন্দ।