ডেস্ক রিপোর্ট
২৫ ডিসেম্বর ২০২১, ৮:০৩ অপরাহ্ণ
অধিকার ডেস্ক:: বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (মার্কসবাদী) কেন্দ্রীয় নির্বাহী ফোরামের পক্ষে ভারপ্রাপ্ত সমন্বয়কারী ফখরুদ্দিন কবির আতিক এক বিবৃতিতে ঝালকাঠিতে লঞ্চে আগুন লেগে অর্ধ—শতাধিক মানুষের মৃত্যু ও শতাধিক মানুষের আহত হওয়ার ঘটনাকে মালিকী শোষণের প্রচলিত ব্যবস্থার নির্মম প্রতিচ্ছবি হিসাবে উল্লেখ করেছেন।
বিৃতিতে তিনি বলেন, “ত্রুটিপূর্ণ লঞ্চে পাঁচ শতাধিক যাত্রী বহন করে অতিরিক্ত ট্রিপের আশায় ইঞ্জিন ক্ষমতা থেকে বেশি গতিতে লঞ্চ চালানোর ফলেই দুর্ঘটনা ঘটে। এটা দুর্নীতিগ্রস্ত প্রশাসনের অধীনে পরিচালিত দেশের গোটা পরিবহন ব্যবস্থার নৈরাজ্যিক খণ্ডচিত্রকে প্রতিফলিত করছে। অথচ নৌ—পরিবহন প্রতিমন্ত্রী মানুষ হত্যার নামান্তর এ ঘটনার বাস্তবচিত্র আড়াল করে নিহতদের শোকগ্রস্ত পরিবারসহ গোটা জাতির সমবেদনার প্রতি চরম অবজ্ঞামূলকভাবে এটাকে ‘রহস্যজনক’ হিসাবে যে তাৎক্ষণিক মন্তব্য করেছেন, তা দায়িত্বহীনতা শুধু নয়, মুনাফালোভী মালিকী স্বার্থের কাছে নির্লজ্জ আত্মসমর্পণের সামিল।”
বিবৃতিতে তিনি অবিলম্বে নৌ—প্রতিমন্ত্রীর পদত্যাগ, লঞ্চ মালিকের গ্রেফতার ও বিচার, নিহতদের উপযুক্ত ক্ষতিপূরণ, আহতদের সুচিকিৎসা ও ক্ষতিপূরণের জোর দাবি জানান।