ডেস্ক রিপোর্ট

২৪ ডিসেম্বর ২০২১, ১১:৫৩ অপরাহ্ণ

নারী নির্যাতন বন্ধের আহ্বানে মহিলা ফোরামের বেগম রোকেয়া স্মরণ

আপডেট টাইম : ডিসেম্বর ২৪, ২০২১ ১১:৫৩ অপরাহ্ণ

শেয়ার করুন

নারায়ণগঞ্জ প্রতিনিধি:: সমাজতান্ত্রিক মহিলা ফোরামের নারায়ণগঞ্জ জেলার উদ্যোগে বেগম রোকেয়ার ১৪১তম জন্ম ও ৮৯তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে ২নং রেল গেইটস্থ বাসদ কার্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন মহিলা ফোরাম নারায়ণগঞ্জ জেলার সংগঠক বিথী মাহমুদ।

আলোচনা করেন বাসদ নারায়ণগঞ্জ জেলার সদস্য সচিব আবু নাঈম খান বিপ্লব, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট কেন্দ্রীয় কমিটির স্কুল বিষয়ক সংগঠক সুলতানা আক্তার, জেলার সভাপতি মুন্নী সরদার, মহিলা ফোরামের সংগঠক মিমি দাস।

সভায় বক্তারা বলেন, বেগম রোকেয়া ছিলেন নারীমুক্তি আন্দোলনের পথিকৃৎ। সমাজে নারীকে মানুষ হিসেবে দেখার দৃষ্টিভঙ্গি গড়ে তোলা, নারীর সামনে সকল প্রতিবন্ধকতা দূর করার সাহস, যুক্তি ও আপন প্রত্যয় নির্মাণের লক্ষ্যে আজীবন তিনি সংগ্রাম করেছেন, লেখনী ধরেছেন, স্কুল প্রতিষ্ঠা করেছেন, সংগঠন গড়ে তুলেছেন।

বক্তারা আরও বলেন, বর্তমান সময়ে সারা দেশে নারী-শিশু-ধর্ষণ-নির্যাতন-হত্যা এক ভয়াবহ রূপ নিয়েছে। পাহাড়ে-সমতলে-ঘরে-পথে-স্কুলে-কারখানায় যেকোন স্থানে, দিনে-রাতে, যেকোন জায়গায় নারী নিপীড়নের শিকার হন।

স্বাধীনতার ৫০ বছর পরও বাংলাদেশের আইনে নারীর সমানাধিকার নাই, সমকাজে সমমজুরি নাই। বাল্য বিবাহ করোনাকালীন সময়ে আরও ভয়াবহ রূপ লাভ করেছে। নারীরা একদিকে অর্থনৈতিক শোষণ ও আরেকদিকে ভোগবাদী পুরুষতান্ত্রিক মানসিকতার দ্বারা নির্যাতিত। ফলে এই শোষণমূলক ব্যক্তি মালিকানার সমাজ পরিবর্তন ও পুরুষতান্ত্রিক মানসিকতা পরিবর্তনে, সমাজের সকল বৈষম্যের বিরুদ্ধে লড়াইয়ে, নারী
মুক্তির আন্দোলনে বেগম রোকেয়া আজও প্রেরণার উৎস।

শেয়ার করুন