ডেস্ক রিপোর্ট
৩ ডিসেম্বর ২০২১, ৫:৫৯ অপরাহ্ণ
অধিকার ডেস্ক :: জাতীয় ঐক্য গড়ে সরকার পতনের আন্দোলন জোরদারের ডাক দেয়া হয়েছে গণফোরামের সম্মেলন থেকে। এ সময় রাষ্ট্রযন্ত্র সংস্কারে শিক্ষার্থীদের আন্দোলনে সবাইকে শামিল হওয়ার আহ্বান জানান বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা। আর, দেশে অশান্তির জন্য বিএনপিকে দায়ি করে কাদের সিদ্দিকী বলেছেন, দলটি আন্দোলনে ব্যর্থ।
রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউশনে বেলুন ও পায়রা উড়িয়ে গনফোরামের ষষ্ঠ জাতীয় সম্মেলনের আনুষ্ঠানিকতা শুরু হয়।
হৃদয়ে একাত্তর, ভালোবাসি বাংলাদেশ- এই প্রতিপাদ্যে দুঃশাসন হটিয়ে জনগণের শাসন প্রতিষ্ঠার অঙ্গীকার করা হয় আয়োজনে।অংশ নেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ।
শ্বাসরুদ্ধকর দুঃসহ সময় পার করছে দেশ। তাই আবেগের উপর ভিত্তি করে সরকারের বিরুদ্ধে লড়াই হবে না-বলেন মাহমুদুর রহমান মান্না
নাগরিক ঐক্য সভাপতি মাহমুদুর রহমান মান্না বলেন, যে কোন ঐক্যবদ্ধ আন্দোলনকে ভয় পায় সরকার। তাই যে কোন ঐক্যের সাথে নাগরিক ঐক্য থাকবে বলে জানান তিনি।
কোনো দুঃশাসনই আপোসে শেষ হয় না। গণঅভ্যুত্থান করে জাতীয় সরকারের মাধ্যমে জনগনের শাসন প্রতিষ্ঠার আহ্বান জানান আ স ম আব্দুর রব।
জাসদ জেএসডি সভাপতি আ স ম আব্দুর রব বলেন, আবেগ নয়। সবাইকে কঠোর আন্দোলনে অংশ নিতে হবে।
প্রধান অতিথি ডাক্তার জাফরুল্লাহ চৌধুরী সুয়োমোটো দিয়ে খালেদা জিয়াকে বিদেশে পাঠানোর ব্যবস্থা করতে বিচারপতিদের আহ্বান জানান।
গণস্বাস্থ্য কেন্দ্র ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরী বলেন, বিচারকদের স্বপ্রণোদিত হয়ে খালেদা জিয়ার জামিন দেয়ার জন্য রুল জারী করতে পারে।
অনুষ্ঠানে বীরমুক্তিযোদ্ধা কাদের সিদ্দিকী বিএনপিকে দেশে অশান্তির কারণ হিসেবে চিহ্নিত করেন। বলেন, আন্দোলনে ব্যর্থ বিএনপি। তারা মানুষের জন্য রাস্তায় নামে না।
কৃষক জনতা লীগ সভাপতি কাদের সিদ্দিকী বলেন, বিএনপি আন্দোলনে রাস্তায় নামে না। দেশের অশান্তির জন্য বিএনপি’র উদাসীনতা দায়ী।
দ্বিতীয় অধিবেশনে কাউন্সিলরদের অংশগ্রহনে নতুন কমিটি নির্বাচিত করে সংগঠনটি।