ডেস্ক রিপোর্ট
২২ নভেম্বর ২০২১, ১:৩২ পূর্বাহ্ণ
সিলেট প্রতিনিধি :: বাংলাদেশের সাম্যবাদী আন্দোলন সিলেট জেলার উদোগে মহান রুশ বিপ্লবের ১০৪তম বার্ষিকী উপলক্ষে সিলেট কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদের সাহিত্য আসর কক্ষে ২১ নভেম্বর রবিবার বিকাল সাড়ে ৩ টায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভার পূর্বে সুসজ্জিত র্যালি সিলেট কেন্দ্রীয় শহিদ মিনার থেকে শুরু হয়ে নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে আলোচনা সভাস্থলে এসে শেষ হয়।
বাংলাদেশের সাম্যবাদী আন্দোলনের সিলেট জেলার সমন্বয়ক কমরেড সুশান্ত সিনহা সুমনের সভাপতিত্বে ও এডভোকেট মহিতোষ দেব মলয়ের পরিচালনায় আলোচনা সভায় প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশের সাম্যবাদী আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়ক কমরেড শুভ্রাংশু চক্রবর্তী।
উপস্থিত ছিলেন গণতন্ত্রী পার্টির কেন্দ্রীয় সভাপতি ব্যারিস্টার মোহাম্মদ আরশ আলী, সাম্যবাদী আন্দোলনের কেন্দ্রীয় সদস্য কমরেড বেলাল চৌধুরী, গণতন্ত্রী পার্টি সিলেট জেলার সাধারণ সম্পাদক জুনেদুর রহমান চৌধুরী, ওয়ার্কার্স পার্টি (মার্ক্সবাদী) কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক কমরেড সিরাজ আহমেদ, সিলেট জেলার সম্পাদক ডাঃ হারিধন দাস, সিপিবি সিলেট জেলার নেতা সাথী রহমান, গণতন্ত্রী পার্টি সিলেট জেলার দপ্তর সম্পাদক আজিজুর রহমান খোকন, বাংলাদেশের সাম্যবাদী আন্দোলন সিলেট জেলার সদস্য রিদেশ মুদি প্রমুখ।
আলোচনা সভায় কমরেড শুভ্রাংশু চক্রবর্তী বলেন, ১৯১৭ সালে কমরেড লেনিনের নেতৃত্বে রাশিয়ার শ্রমিকশ্রেণি ও নিপীড়িত জনগণ রাষ্ট্রক্ষমতা দখল করে বিশ্বের প্রথম সমাজতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠা করেছিলো। অবসান ঘটিয়েছিলো যুগ যুগ ধরে চলমান শোষণমূলক ব্যবস্থার। সে মহান বিপ্লবের অবিনাশী শিক্ষা আজও সারা দুনিয়ার মুক্তিকামী মানুষকে অনুপ্রেরণা যোগায়।
শুভ্রাংশু চক্রবর্তী বলেন, ফ্যাসিবাদী শাসন ও পুঁজিবাদী শোষণে বাংলাদেশের মানুষ আজ জর্জরিত। সরকারের গণবিরোধী বিভিন্ন সিদ্ধান্তে সাধারণ মানুষের জীবন দুর্বিসহ হয়ে ওঠেছে। নিত্যপণ্যের দামবৃদ্ধির ফলে মানুষ যখন দিশেহারা, তখন সরকার ও পরিবহন মালিকেরা পরস্পর যোগসাজশের মাধ্যমে জ্বালানি তেল ও পরিবহনের ভাড়া বাড়িয়েছে। করোনাকালে বেকারের সংখ্যা বেড়েছে, মানুষের আয় কমেছে। অন্যদিকে ধনীদের সম্পদ আরও বেড়েছে। সরকার জনগণের ওপর নির্যাতন-নিপীড়ন চালিয়ে ক্ষমতায় টিকে থাকার চেষ্টা করছে।