ডেস্ক রিপোর্ট
১১ নভেম্বর ২০২১, ১:০৭ অপরাহ্ণ
অধিকার ডেস্ক:: স্থানীয় সরকারের চলমান ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের দ্বিতীয় ধাপে ৮৩৫টি ইউপিতে ভোটগ্রহণ শুরু হয়েছে।
বৃহস্পতিবার সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত একটানা ভোটগ্রহণ চলবে।
সকাল থেকেই ভোটারদের কেন্দ্রে উপস্থিত হতে দেখা গেছে। বিশেষ করে নারী ভোটারদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো।
কুষ্টিয়ার মিরপুর উপজেলার কুর্শা ইউপি নির্বাচনে ৬নং ওয়ার্ড রামনগর তিঁতুতলা কেন্দ্রের প্রিজাইডিং অফিসার জয়নাল আবেদিন বুধবার দিবাগত রাত আনুমানিক সাড়ে ১২টার দিকে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান।
নির্বাচন কমিশনের (ইসি) প্রতি ‘অনাস্থা’ দেখিয়ে বিএনপি এ নির্বাচন বর্জন করলেও ইউপি নির্বাচনকেন্দ্রিক সহিংসতায় এখন পর্যন্ত ২৪ জনের মৃত্যুর খবর নিশ্চিত হওয়া গেছে। প্রার্থী নিখোঁজ হয়ে যাওয়া, প্রার্থিতা প্রত্যাহারের চাপে নিজ বাড়িতে বসেই কীটনাশক (বিষ) পান এবং গোলাগুলির ঘটনা ঘটেছে এ নির্বাচন সামনে রেখে।
ইতোমধ্যে ইউপি নির্বাচনকে কেন্দ্র করে সহিংসতার ঘটনায় ‘অস্বস্তি’ ও ‘উদ্বেগ’ প্রকাশ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে কঠোর পদক্ষেপ নেওয়ার ঘোষণা দিয়েছে ইসি।
দ্বিতীয় ধাপের ইউপি নির্বাচনের আগের দিন রাতে সাংবাদিকদের প্রশ্নের জবাবে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কেএম নূরুল হুদা বলেছেন, ঘরে ঘরে পাহারা দিয়ে নির্বাচনী সহিংসতা থামানো যায় না।