ডেস্ক রিপোর্ট
১০ নভেম্বর ২০২১, ৭:৩৫ অপরাহ্ণ
অধিকার ডেস্ক:: উপজেলা নির্বাহী অফিসারদের (ইউএনও) মতো উপজেলা পরিষদের চেয়ারম্যানকে নিরাপত্তা দিতে হাইকোর্টের দেওয়া আদেশ ২৮ নভেম্বর পর্যন্ত স্থগিত করেছে সুপ্রিম কোর্টের চেম্বার আদালত।
রাষ্ট্রপক্ষের করা আবেদনের ওপর শুনানি নিয়ে বুধবার চেম্বার আদালতের বিচারপতি ওবায়দুল হাসান আদেশটি স্থগিত করে ওই দিন আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চে শুনানির জন্য পাঠান।
এ সংক্রান্ত রিট আবেদনের ওপর শুনানি নিয়ে গত ৭ সেপ্টেম্বর বিচারপতি ফারাহ মাহবুব ও বিচারপতি এস এম মনিরুজ্জামানের হাইকোর্ট বেঞ্চ এক আদেশে উপজেলা চেয়ারম্যানদের ইউএনওদের মতো নিরাপত্তা দেওয়ার নির্দেশ দেয়। একই সঙ্গে উপজেলা পরিষদ ভবনে থাকা সাইনবোর্ডে ‘উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়’র পরিবর্তে ‘উপজেলা পরিষদ কার্যালয়’ লিখতে আদেশ আসে হাইকোর্ট থেকে। পরে হাইকোর্টের এ আদেশ স্থগিত চেয়ে আপিল বিভাগে আবেদন করে রাষ্ট্রপক্ষ।
এর ধারাবাহিকতায় বুধবার শুনানি শেষে চেম্বার আদালত আদেশটি স্থগিত করে।
আদালতে রিট আবেদনের পক্ষে ভার্চ্যুয়ালি শুনানিতে ছিলেন জ্যেষ্ঠ আইনজীবী আজমালুল হোসেন কিউসি। রাষ্ট্রপক্ষে ছিলেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল মেহেদী হাসান চৌধুরী।
রাষ্ট্রপক্ষের আইনজীবী মেহেদী হাসান চৌধুরী বলেন, ‘চেম্বার আদালত এই অংশটুকু (উপজেলা চেয়ারম্যানদের ইউএনও’র মতো নিরাপত্তা) স্থগিত করে ২৮ নভেম্বর আপিল বিভাগের ফুল কোর্টে শুনানির জন্য পাঠিয়েছেন।’
গত ১৫ জুন পটুয়াখালীর দশমিনা উপজেলা চেয়ারম্যান মো. আব্দুল আজিজসহ তিন উপজেলা চেয়ারম্যান এ রিট আবেদন করেন। এতে উপজেলা চেয়ারম্যানদের ক্ষমতা খর্ব করে উপজেলা নির্বাহী অফিসারদের ক্ষমতা দেওয়ার বৈধতাকে চ্যালেঞ্জ করা হয়। এ প্রেক্ষিতে হাইকোর্ট অন্তর্বর্তীকালীন নির্দেশনার পাশাপাশি রুল জারি করে।
রুলে উপজেলা পরিষদ আইন ১৯৯৮ এর ধারা ১৩ (ক), ১৩ (খ) ও ১৩ (গ) কেন অসাংবিধানিক ঘোষণা করা হবে না, তা চার সপ্তাহের মধ্যে সরকারের কাছে জানতে চেয়েছে হাইকোর্ট।