ডেস্ক রিপোর্ট
৬ নভেম্বর ২০২১, ৩:০০ অপরাহ্ণ
আন্তর্জাতিক ডেস্ক:: আফগানিস্তানে এক নারী অধিকার কর্মীকে গুলি করে হত্যা করা হয়েছে।
আগস্টে তালেবানের ক্ষমতা দখলের পর দেশটিতে এটিই প্রথম কোনও নারী অধিকারকর্মীর মৃত্যুর ঘটনা বলে সংবাদ মাধ্যম গার্ডিয়ানের প্রতিবেদনে জানানো হয়।
ফ্রোজান সাফি নামের ওই অধিকারকর্মী পেশায় অর্থনীতির একজন প্রভাষক ছিলেন। তালেবান ক্ষমতা দখলের পর নারীদের শিক্ষা গ্রহণসহ বেশ কিছু ক্ষেত্রে বিধিনিষেধ আরোপ করার প্রতিবাদে কয়েকটি বিক্ষোভে অংশ নেন ফ্রোজান।
এর আগে, অক্টোবরে নিখোঁজ হন তিনি। পরে মাজার-ই শরীফের একটি হাসপাতালে তার মরদেহ শনাক্ত করা হয়। গুলির আঘাতে চেহারা নষ্ট হয়ে যাওয়ায় কাপড় দেখে তাকে শনাক্ত করা হয়েছে বলে জানিয়েছেন স্বজনরা।
এরই মধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে ফ্রোজান সাফির মৃত্যুতে গভীর শোক জানিয়ে এ ঘটনার যথাযথ তদন্ত দাবি করেছেন সামাজিক কর্মী ও বিভিন্ন দেশের সাংবাদিকরা।
এদিকে, আগস্টে দেশটি থেকে মার্কিন সেনা প্রত্যাহারের সময় কাবুল বিমানবন্দরে দুই মাসের এক শিশুকে অভিভাবকহীন অবস্থায় বিমানে তুলে দেয়ার একটি ঘটনা আলোচনার জন্ম দেয়। এরপর দুই মাস পেরিয়ে গেলেও সেই শিশুর কোনও খোঁজ পাওয়া যায়নি বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।