ডেস্ক রিপোর্ট

১৯ অক্টোবর ২০২১, ৬:৫১ অপরাহ্ণ

সারাদেশে সাম্প্রদায়িক হামলা-নির্যাতনের প্রতিবাদে চট্টগ্রামে ছাত্র ফ্রন্টের বিক্ষোভ

আপডেট টাইম : অক্টোবর ১৯, ২০২১ ৬:৫১ অপরাহ্ণ

শেয়ার করুন

চট্টগ্রাম প্রতিনিধি :: সারাদেশে সংখ্যালঘুদের উপর নির্যাতন, বাড়ি-ঘরে লুটপাট, হামলা-নির্যাতন, অগ্নিসংযোগ এবং সাম্প্রদায়িক সহিংসতার প্রতিবাদে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট চট্টগ্রাম নগর শাখার উদ্যোগে ১৯ অক্টোবর বিকেল ৪টায় নগরীর নিউমার্কেট মোড়ে বিক্ষোভ সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত হয়।

সমাবেশে বক্তব্য রাখেন সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট নগর শাখার সভাপতি রায়হান উদ্দীন, সাধারণ সম্পাদক ঋজু লক্ষ্মী অবরোধ, সাংগঠনিক সম্পাদক মিরাজ উদ্দীন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখার আহ্বায়ক ইসরাত হক জেরিন, খুলশি থানা শাখার আহ্বায়ক সাকিব হোসেন। সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল নিউমার্কেট মোড় থেকে আমতলী পর্যন্ত প্রদক্ষিণ করে।

সমাবেশে বক্তারা বলেন, মুক্তিযুদ্ধের চেতনা পরিপন্থী ধারায় দেশ পরিচালনার ফলশ্রুতিতে আজ স্বাধীনতার ৫০ বছর পরও পাকিস্তানী হানাদার ও তাদের সহযোগি রাজাকার-আলবদরদের মতো গণহত্যার পাশাপাশি সংখ্যালঘু নির্যাতনের সহিংসতা এখনও বারে বারে আবির্ভূত হচ্ছে। বিগত বছরগুলোর বিভিন্ন ঘটনার ধারাবাহিকতায় ধর্মীয় অবমাননার অভিযোগে হিন্দু ধর্মাবলম্বীদের ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা মন্ডপে দুর্বৃত্তরা হামলা চালায়। এই ঘটনা সারাদেশে উত্তাপ ছড়ানোর পর আরো বেশ কয়েকটি জেলায় হামলা সংগঠিত হয় এবং ৫ জনের বেশি নিহত এবং শতাধিক আহত হওয়ার খবর ইতোমধ্যে পাওয়া গেছে।

বক্তারা আরো বলেন, জমি-দখল ও ভোট ব্যাংক হিসেবে ব্যবহারের মত শাসক শ্রেণীর দলসমূহের হীন স্বার্থ চরিতার্থ করার অপরাজনীতির ফলেই সারাদেশে ধর্মীয় ও জাতিগত সংখ্যালঘুদের উপর নির্যাতন-হামলা পরিচালিত হচ্ছে। সরকার সংখ্যালঘুদের জান-মালের নিরাপত্তা নিশ্চিত করতে ও সাম্প্রদায়িক সহিংসতা প্রতিরোধে চরমভাবে ব্যর্থতার পরিচয় দিচ্ছে। শারদীয় দুর্গোৎসবকে কেন্দ্র করে সহিংসতা সৃষ্টির আশঙ্কা থাকলেও সরকার আগাম ব্যবস্থা না নেয়ার তীব্র সমালোচনা করেন বক্তারা বলেন, আমরা মুক্তিযুদ্ধের প্রকৃত চেতনার ভিত্তিতে রাজনীতি, গণসংগ্রাম ও দেশ পরিচালনার নীতি প্রতিষ্ঠা করার জন্য এবং সাম্প্রদায়িকতার বিরুদ্ধে গণপ্রতিরোধ গড়ে তোলার জন্য সর্বস্তরের মানুষের প্রতি আহ্বান জানান।

সবমাবেশে নেতৃবৃন্দ জামাত-হেফাজতসহ ধর্মভিত্তিক রাজনৈতিক দল ও রাজনীতিতে ধর্মের ব্যবহার নিষিদ্ধ করার দাবি জানিয়ে সাম্প্রদায়িক সহিংসতায় ক্ষতিগ্রস্তদের প্রয়োজনীয় ক্ষতিপূরণ, সংখ্যালঘুদের ওপর হামলাকারী ও তাদের মদদদাতাদের অবিলম্বে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি প্রদান, দায়িত্বে অবেহলার জন্য প্রশাসনের দায়ীদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তি প্রদান এবং সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষের জান-মালের নিরাপত্তার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানান।

একই সাথে ধর্মীয় ও জাতিগত সংখ্যালঘু নির্যাতন ও সাম্প্রদায়িক সহিংসতা প্রতিরোধ এবং সাম্প্রদায়িক অপশক্তির বিরুদ্ধে ঐক্যবদ্ধ আন্দোলন গড়ে তোলার জন্য প্রগতিশীল দেশপ্রেমিক সেক্যুলার শক্তির প্রতি আহ্বান জানান।

শেয়ার করুন