ডেস্ক রিপোর্ট
৪ অক্টোবর ২০২১, ১২:১৮ পূর্বাহ্ণ
অধিকারবিডি ডেস্ক:: নির্বাচন কমিশনের ওপর মানুষের আস্থা এখন শূন্যের কোঠায় পৌঁছেছে বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টি চেয়ারম্যান ও বিরোধী দলীয় উপনেতা গোলাম মোহাম্মদ কাদের। তিনি বলেন, যারাই রাষ্ট্র ক্ষমতায় ছিল, তারাই নির্বাচন কমিশনকে দলীয় স্বার্থে ব্যবহার করেছে।
রোববার (৩ অক্টোবর) দুপুরে জাতীয় পার্টি চেয়ারম্যানের বনানী কার্যালয়ে এক যোগদান অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন। এর আগে জাতীয় পার্টি চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদেরের হাতে ফুল দিয়ে পল্লীবিদ্যুৎ সমিতির সাবেক সিনিয়র জিএম সৈয়দ ওয়াহিদুল ইসলাম জাতীয় পার্টিতে যোগ দেন।
তিনি বলেন, দেশে বিরাজনীতিকরণ চলছে, তাই দেশের রাজনীতিতে দলগুলো টিকতে পারছে না। এভাবে চলতে থাকলে দেশের মানুষ রাজনীতিতে আসবে না, ভোট কেন্দ্রে মানুষ ভোট দিতে যাবে না। সরকারের ফরমায়েশ অনুযায়ী নামেমাত্র দল থাকবে, নেতা থাকবে, সেসব দলের বা নেতাদের স্বতঃস্ফূর্ত সংগঠন থাকবে না বা দেশের মানুষের সমর্থন থাকবে না। সাংবিধানিকভাবেই দেশে একনায়কতন্ত্র প্রতিষ্ঠিত করা হয়েছে। তাই কাউকেই দোষারোপ করা যায় না। সংবিধান অনুযায়ী দেশের নির্বাহী বিভাগ, আইন সভা ও বিচার বিভাগের প্রায় নব্বই শতাংশই রাষ্ট্রপতির মাধ্যমে এক ব্যক্তির হাতে। তাই বর্তমান সরকার ব্যবস্থাকে কোনোভাবেই গণতান্ত্রিক বলা যায় না।
গোলাম মোহাম্মদ কাদের আরও বলেন, ১৯৯১ সালের পর যারা রাষ্ট্র ক্ষমতায় এসেছে, তারা দেশের মানুষকে যে স্বপ্ন দেখিয়েছিল, তা বাস্তবায়ন করতে পারেনি। বরং প্রায় ক্ষেত্রে অবস্থার অবনতি হয়েছে ও ক্রমান্বয়ে অবনতির মাত্রা বৃদ্ধি পেয়েছে। তাই, দেশের মানুষ আবারো জাতীয় পার্টিকে রাষ্ট্র ক্ষমতায় দেখতে চায়। দেশের মানুষ জাতীয় পার্টির দিকে একবুক প্রত্যাশা নিয়ে তাকিয়ে আছে।
এসময় উপস্থিত ছিলেন জাতীয় পার্টির কো-চেয়ারম্যান এবিএম রুহুল আমিন হাওলাদার, প্রেসিডিয়াম সদস্য ও বিরোধী দলীয় চীফ হুইপ মো. মসিউর রহমান রাঙ্গা এমপি, প্রেসিডিয়াম সদস্য মো. রেজাউল ইসলাম ভূঁইয়া, উপদেষ্টামন্ডলীর সদস্য এমএম নিয়াজ উদ্দিন, জহিরুল হক জহির, ভাইস চেয়ারম্যান শেখ মো. আলমগীর হোসেন, সাংগঠনিক সম্পাদক এবিএম লিয়াকত হোসেন চাকলাদার।
অধিকারবিডি/প্র.পা