ডেস্ক রিপোর্ট

৫ সেপ্টেম্বর ২০২১, ১১:৩২ অপরাহ্ণ

পাঞ্জশিরে গৃহযুদ্ধের আশঙ্কা যুক্তরাষ্ট্রের

আপডেট টাইম : সেপ্টেম্বর ৫, ২০২১ ১১:৩২ অপরাহ্ণ

শেয়ার করুন

আন্তর্জাতিক ডেস্ক:: আফগানিস্তানে তালেবানের দখলমুক্ত থাকা একমাত্র এলাকা পাঞ্জশির উপত্যকা। এটি দখলে নিতে ন্যাশনাল রেজিস্ট্যান্স ফ্রন্ট-এনআরএফের সঙ্গে তালেবানের তুমুল লড়াই চলছে।

দুই পক্ষেরই দাবি, ভালো অবস্থানে রয়েছেন তারা। সরকার গঠনের আগে পাঞ্জশির দখলেই বেশি জোর দিচ্ছে তালেবান। এদিকে, যুক্তরাষ্ট্রের এক শীর্ষ কর্মকর্তা আশঙ্কা প্রকাশ করেছেন, তালেবান পাঞ্জশির দখলে নিতে না পারলে বাঁধবে গৃহযুদ্ধ।

৩৪টি প্রদেশের মধ্যে পাঞ্জশিরই এখন তালেবানের নিয়ন্ত্রণের বাইরে। তাই এটি দখলে মরিয়া তারা। আর এনআরএফ বাহিনীও অঞ্চলটি নিজেদের দখলে রাখতে লড়ছেন প্রাণপণে। তালেবানের বেশ কয়েকজন বিভিন্ন গণমাধ্যমে পাঞ্জশির দখলে নেয়ার দাবি করলেও তার সুস্পষ্ট প্রমাণ দেখাতে পারেননি। আর এনআরএফ বলছে, পাঞ্জশির বাঁচাতে শেষ পর্যন্ত লড়াই চালিয়ে যাবে তারা।

দেশটির সাবেক ভাইস প্রেসিডেন্ট আমরুল্লাহ সালেহ এক ভিডিও বার্তায় বলেছেন, তালেবানের পাঞ্জশির দখলের বিষয়টি ভিত্তিহীন। তিনি বলেন, ‘আমি এখনও পাঞ্জশিরেই আছি। আমি পালিয়ে গেছি এটি সম্পূর্ণ মিথ্যা খবর। তবে নিঃসন্দেহে আমরা একটি কঠিন সময় পার করছি।’

তবে তালেবান পাঞ্জশিরের কিছু অঞ্চল দখলে নিয়েছে তা বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত ভিডিওতে প্রকাশ পেয়েছে। তালেবান ক্ষমতা দখলের পর এনআরএফে যোগ দিয়েছে সাবেক আফগান সরকারের নিরাপত্তাকর্মীরা, আর স্থানীয় মিলিশিয়া বাহিনীর সমন্বয়ে সংগঠনটিকে সুগঠিত করে যুদ্ধে নেতৃত্ব দিচ্ছেন আহমদ মাসুদ।

সরকার গঠনের আগে তালেবানবিরোধীদের পরাজিত করতে চায় তালেবান। তবে পাঞ্জশির শেষ পর্যন্ত এনআরএফের হাতেই থাকবে নাকি এটি দখলে নিয়ে একক আধিপত্য প্রতিষ্ঠায় সফল হবে তালেবান জানা যাবে আগামী কয়েক সপ্তাহের মধ্যেই।

শেয়ার করুন