ডেস্ক রিপোর্ট
২৮ আগস্ট ২০২১, ৫:৪৭ অপরাহ্ণ
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি:: ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে ট্রলারডুবে ২২ জনের মৃত্যুর ঘটনায় মামলা করা হয়েছে। মামলায় সাতজনের নাম উল্লেখপূর্বক অজ্ঞাতনামা আরও বেশ কয়েকজনকে আসামি করা হয়েছে। এ ঘটনায় পাঁচজনকে আটক করেছে পুলিশ।
শনিবার দুপুরে উপজেলার চম্পকনগরের মৃত আব্দুল হাসিমের ছেলে সেলিম মিয়া বাদী হয়ে বিজয়নগর থানায় মামলাটি করেন। ট্রলারডুবির ঘটনায় তার পরিবারের চার সদস্য মারা গেছেন।
আটকরা হলেন- সরাইল উপজেলার পানিশ্বর ইউনিয়নের শোলাবাড়ি এলাকার আলী আফজালের ছেলে নৌকার মাঝি জমির মিয়া (৩৩), একই এলাকার আব্দুল করিমের ছেলে মো. রাসেল (২২), কাশেম মিয়ার ছেলে খোকন মিয়া (২২), মৃত আশরাফ আলীর ছেলে মো. সোলায়মান (৬৪) ও বিজয়নগরের কালারটেকের মিস্টু মিয়া (৬৭)।
বিজয়নগর থানার ওসি মির্জা মোহাম্মদ হাসান বলেন, দুটি বাল্কহেডসহ পাঁচজনকে আটক করা হয়েছে। এজাহারে নাম থাকায় এ মামলায় তাদের গ্রেপ্তার দেখানো হবে।
এর আগে শুক্রবার সন্ধ্যা পৌনে ৬টার দিকে ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার লইছকা বিলে দুটি ট্রলারের মুখোমুখি সংঘর্ষ হয়। ওই ঘটনায় ৫০ জন যাত্রী তীরে উঠতে সক্ষম হলেও প্রাণ হারান ২১ জন। শনিবার সকাল ৮টা থেকে ফায়ার সার্ভিসের ডুবুরি দল নিখোঁজদের সন্ধানে আবারও উদ্ধার অভিযান শুরু করেছে। সকালে এক শিশুর মরদেহ উদ্ধার হয়েছে।