ডেস্ক রিপোর্ট
২৮ আগস্ট ২০২১, ২:৫৩ অপরাহ্ণ
বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী আনিসুল হক এমপি
অধিকার ডেস্ক:: বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে চিকিৎসার জন্য বিদেশে যেতে হলে কারাগারে গিয়ে নতুন করে আবেদন করতে হবে বলে জানিয়েছেন আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী আনিসুল হক এমপি।
তিনি বলেন, ‘ফৌজদারি কার্যবিধির ৪০১ ধারা অনুযায়ী সরকারের অনুমতি সাপেক্ষে খালেদা জিয়ার বিদেশ যাওয়ার সুযোগ রয়েছে। সেক্ষেত্রে তাকে আবার কারাগারে যেতে হবে। এরপর নতুন করে আবেদন করতে হবে।’
মন্ত্রী শনিবার (২৮ আগস্ট) রাজধানীতে সাংবাদিকদের নিয়ে আয়োজিত এক কর্মশালায় এসব কথা বলেন। ল’ রিপোর্টার্স ফোরাম ও এমআরডিআই-এর যৌথ উদ্যোগে এ কর্মশালার আয়োজন করা হয়।
আইনমন্ত্রী বলেন, ‘যে আবেদনের প্রেক্ষিতে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার দণ্ড স্থগিত করে মুক্তি দেওয়া হয়েছে, তার আলোকে তাকে বিদেশ যাওয়ার অনুমতি দেওয়ার কোনো সুযোগ নেই। সেই আবেদন নিষ্পত্তি হয়ে গেছে।’
এদিকে, ২১ আগস্ট গ্রেনেড হামলার মামলায় দণ্ডপ্রাপ্ত আসামিদের ডেথ রেফারেন্স ও আপিল আবেদনের বিষয়ে হাইকোর্টে শুনানির জন্যে বেঞ্চ গঠনে অ্যাটর্নি জেনারেলকে পরামর্শ দিয়েছেন আইনমন্ত্রী।
এ প্রসঙ্গে তিনি বলেন, ‘বঙ্গবন্ধু এভিনিউয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যাচেষ্টার ভয়াবহ ঘটনার মামলায় উচ্চ আদালতে আসামিরা পারেন্টস। আমি অ্যাটর্নি জেনারেলকে বলেছি, আসামিদের করা আপিলের বিষয়ে ১৫ সেপ্টেম্বর আদালতের অবকাশের আগেই বেঞ্চ নির্ধারণের জন্য আবেদন করতে।’
ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট প্রসঙ্গে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, ‘সামাজিক যোগাযোগমাধ্যমে একজন আরেকজনকে হেয় করে, অপদস্ত করে। কাজেই ডিজিটাল নিরাপত্তা আইন প্রয়োজন আছে। কিন্তু এ আইনের অপব্যবহার বন্ধ হচ্ছে। গত তিনমাস লক্ষ্য করে দেখবেন, ডিজিটাল নিরাপত্তা আইনের অপব্যবহার অনেকটাই কমে এসেছে।’
কর্মশালায় আপিল বিভাগের বিচারপতি ওবায়দুল হাসান শাহীন, বিচারপতি এম ইনায়েতুর রহিম, এমআরডিআই-এর নির্বাহী পরিচালক হাসিবুর রহমান মুকুল, ল’ রিপোর্টার্স ফোরামের সভাপতি মাশহুদুল হক বক্তৃতা করেন।