ডেস্ক রিপোর্ট

১৯ আগস্ট ২০২১, ২:০৮ পূর্বাহ্ণ

বরিশাল সদর ইউএনওর বাসভবনে ছাত্রলীগের হামলা, গুলিবর্ষণ, আহত ২০

আপডেট টাইম : আগস্ট ১৯, ২০২১ ২:০৮ পূর্বাহ্ণ

শেয়ার করুন

অধিকার ডেস্ক:: বরিশাল সদর উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) সরকারি বাসভবনে হামলা হয়েছে। হামলাকারীদের প্রতিরোধ করতে নিরাপত্তার দায়িত্বে থাকা আনসার সদস্যরা গুলি চালিয়েছেন। এদিকে, ইউএনওর বাসভবনের সামনে থেকে পুলিশ ছাত্রলীগ নেতাদের ছত্রভঙ্গ করে দেওয়ার সময় তাদের হামলায় তিন পুলিশ সদস্য আহত হয়েছেন বলে জানা গেছে। তাদের শেবাচিম হাসপাতালে ভর্তি করা হয়েছে। সব মিলিয়ে অন্তত ২০ জন আহত হয়েছেন বলে জানা গেছে।

বুধবার রাত ১০টার পর নগরীর সিঅ্যান্ডবি সড়ক এলাকার সদর উপজেলা চত্বরের বাসভবনে এ ঘটনা ঘটে। ঘটনার পর ইউএনওর বাসভবনে বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন করা হয়েছে।

বিপুল সংখ্যক পুলিশ ও র‌্যাব সদস্য ইউএনওর বাসভবন ঘিরে রেখেছেন। ইউনএনও বাসায়ই অবস্থান করছেন। এদিকে আহতদের মধে সাতজনকে বরিশাল শের-ই-বাংলা চিকিৎসা মহাবিদ্যালয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ইউএনও মুনিবুর রহমান হামলার বিষয়টি নিশ্চিত করে জানান, উপজেলা পরিষদ প্রাঙ্গণের ভেতরে বিভিন্ন স্থানে শোক দিবস উপলক্ষে পানিসম্পদ প্রতিমন্ত্রী কর্নেল (অব.) জাহিদ ফারুকের ব্যানার-পোস্টার লাগানো ছিল। রাতে ছাত্রলীগের নেতাকর্মীরা এসব ছিঁড়তে আসে। রাতে লোকজন ঘুমাচ্ছে জানিয়ে তিনি ছাত্রলীগের নেতাকর্মীদের বৃহস্পতিবার সকালে এগুলো ছিঁড়তে বলেন। এরপর তারা তাকে গালিগালাজ করতে থাকে। এক পর্যায়ে তারা ইউএনওর বাসায় ইটপাটকেল নিক্ষেপ করতে থাকে।

বরিশাল মহানগরের কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরুল ইসলাম বলেন, তুচ্ছ বিষয় নিয়ে এ ঘটনার সূত্রপাত।

এদিকে গুলিবর্ষণের পর বরিশাল মহানগর আওয়ামী লীগের শীর্ষ নেতারা কয়েকশ কর্মী নিয়ে ইউএনওর বাসভবনের সামনে গিয়ে বিক্ষোভ করছেন।

মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি গাজী নইমুল ইসলাম লিটু বলেন, ইউএনও নিজে সিটি করপোরেশনের কাজে বাধা দেন এবং অশোভন আচরণ করেন। এর প্রতিবাদ করলে গুলিবর্ষণ করা হয়।

এ ঘটনায় মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহমুদ হাসান বাবুকে পুলিশ হেফাজতে নেয়া হয়েছে। কোতোয়ালী থানার ওসি নুরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। ঘটনার পর ইউএনও’র নিরাপত্তায় গোয়েন্দা পুলিশের সদস্যসহ অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

রাত পৌনে একটায় শেষ খবর পাওয়া পর্যন্ত নগরীর পশ্চিমাংশে সিঅ্যান্ডবি সড়ক এলাকার সদর উপজেলা পরিষদ চত্বরে ইউএনওর বাসভবনের সামনে বিক্ষোভ করছেন আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

 

শেয়ার করুন