ডেস্ক রিপোর্ট
১৪ আগস্ট ২০২১, ১০:১৯ অপরাহ্ণ
আর্ন্তজাতিক ডেস্ক:: আফগানিস্তান সেনাবাহিনীর সাহায্যে এগিয়ে এলে ‘ফলাফল ভালো হবে না’ বলে ভারতকে সতর্ক করল তালেবান।
তালেবানের মুখপাত্র মোহাম্মদ সুহেল শাহিন বলেন, ‘ভারতীয় সেনা যদি আফগান সেনাকে সাহায্যের জন্য আসে, তা হলে সেটা ভালো হবে না। আফগানিস্তানে অন্য দেশের সেনাদের সঙ্গে কী হয়েছে সেটা সবাই দেখেছে। ভারত থেকে কেউ এলে আশা করা যায় আগে থেকে সব জেনেই আসবে।’
এর পাশাপাশি অবশ্য আফগানিস্তানের মানুষের জন্য ভারতের অবদানের প্রশংসাও করেন শাহিন। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘আফগানিস্তানের মানুষের জন্য সেতু নির্মাণ ইত্যাদি পরিকাঠামোগত উন্নয়নে অনেক সাহায্য করেছে ভারত। যার ফলে আফগানিস্তানের অর্থনৈতিক উন্নতিও হয়েছে। ভারতের এই ভূমিকার প্রশংসা করছি আমরা।’
আফগানিস্তানের বিস্তীর্ণ এলাকার নিয়ন্ত্রণ দখল করে তালেবান ক্রমশ রাজধানী কাবুলের দিকে এগোচ্ছে। এ অবস্থায় আফগানিস্তান থেকে সব দেশই তাদের প্রতিনিধিদের নিরাপদে ফিরিয়ে আনতে সচেষ্ট। সেই কাজে নেমে পড়েছে ভারতও।
তালেবানের তরফে অবশ্য আগেই জানিয়ে দেওয়া হয়েছে, কূটনৈতিক ব্যক্তিদের কোনো ক্ষতি হবে না। এ প্রসঙ্গে শাহিন বলেন, ‘দূতাবাস ও কূটনৈতিক ব্যক্তিদের কোনো ক্ষতি আমরা করব না। আমরা তাদের নিশানা করব না। আমরা সেটা জানিয়েও দিয়েছি। ভারত তাদের নাগরিকদের জন্য চিন্তা করছে সেটা তাদের দিকের ভাবনা। কিন্তু আমরা তাদের কিছু করব না।’