ডেস্ক রিপোর্ট
১২ আগস্ট ২০২১, ২:০৭ পূর্বাহ্ণ
অধিকার ডেস্ক:: বিয়ের মাত্র দেড় মাসের মাথায় ভাড়া বাড়ির নিজ কক্ষ থেকে এক দম্পতির ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (১১ আগস্ট) রাত পৌনে ৮টার দিকে ঢাকার আশুলিয়ার পল্লী বিদ্যুৎ এলাকার ভাড়া বাড়ি থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়। আশুলিয়া থানার উপপরিদর্শক (এসআই) শফিউল্লাহ শিকদার এ তথ্য নিশ্চিত করেন।
নিহতরা হচ্ছে– টুটুল ও তার স্ত্রী মারিয়া খাতুন। টুটুল পেশায় রাজমিস্ত্রি। তাদের গ্রামের বাড়ি কুষ্টিয়া জেলায়।
নিহত মারিয়ার বাবা বাদল আলী জানান, তার বাড়িতে রাজমিস্ত্রির কাজের সূত্রে টুটুলের সঙ্গে মারিয়ার পরিচয়। গত ২২ জুন টুটুল তার মেয়েকে নিয়ে পালিয়ে যায়। এ ঘটনার পরে ২৬ জুন তিনি আলফাডাঙ্গা থানায় নিখোঁজের সাধারণ ডায়েরি করেন।
আশুলিয়া থানা পুলিশ সূত্র জানায়, রাজমিস্ত্রি টুটুল ওই মেয়েকে বিয়ে করে পল্লীবিদ্যুৎ এলাকায় ভাড়া বাড়িতে বসবাস থাকতেন। বুধবার বিকাল হয়ে গেলেও কক্ষের দরজা না খোলার কারণে প্রতিবেশীরা সন্দেহ করেন। পরে থানায় জানালে পুলিশ রাত পৌনে ৮টার দিকে কক্ষের দরজা ভেঙে তাদের ঝুলন্ত লাশ উদ্ধার করে।
এসআই শফিউল্লাহ শিকদার বলেন, ‘ওই দম্পত্তির কক্ষ ভেতর থেকে আটকানো ছিল। দরজা ভেঙে তাদের ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়। ওই রাজমিস্ত্রি এর আগেও বিয়ে করেছিলেন। সেই বিষয় নিয়ে তাদের মধ্যে মনোমালিন্য তৈরি হতে পারে। বিষয়গুলো তদন্ত করা হচ্ছে। এছাড়াও নিহতদের মরদেহ ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে।’ এ ঘটনায় মামলা দায়ের করা হবে বলেও জানান তিনি।