ডেস্ক রিপোর্ট
২৬ জুলাই ২০২১, ৮:৫১ অপরাহ্ণ
অধিকার ডেস্ক:: কুমিল্লার চৌদ্দগ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক কৃষকের পাঁচ গরুর মৃত্যু হয়েছে। সোমবার (২৬ জুলাই) সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার কালিকাপুর ইউনিয়নের বিজয়পুর গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
এলাকাবাসী জানান, সোমবার সকালে বিজয়পুর গ্রামের মৃত সৈয়দ আলীর ছেলে মো. ফরিদ মজুমদার (৬০) গরুগুলোকে নিয়ে বাড়ির পাশে নীলক্ষি জলায় ঘাস খাওয়াতে নিয়ে যাচ্ছিলেন। স্থানীয় নোয়াবাজার-বিজয়পুর গ্রামের নতুন রাস্তার পাশে পল্লী বিদ্যুতের খুঁটির তার নিচের দিকে ঝুলে থাকে, হঠাৎ করে বৈদ্যুতিক তারে পেঁচিয়ে ঘটনাস্থলেই পাঁচ গরু মাটিতে লুটিয়ে পড়ে মারা যায়। পাঁচটি গরুর আনুমানিক দাম প্রায় চার লাখ টাকা।
মো. ফরিদ মজুমদার বলেন, গরুগুলো সামনে ছিল, আমি পেছন পেছন যাচ্ছিলাম। আমি কিছু বুঝে ওঠার আগেই পল্লী বিদ্যুতের ঝুলে থাকা তারে স্পৃষ্ট হয়ে পাঁচটি গরু মারা যায়। আমার আর কোনো সম্পদ নেই, আমার সব কিছু শেষ। সরকারিভাবে কোনো অনুদান দিলে আমি উপকৃত হব।
কলিকাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ভিপি মাহবুব হোসেন মজুমদার জানান, রাস্তার পাশে পল্লী বিদ্যুতের খুঁটির তার সঠিকভাবে মেরামত না করায় পাঁচটি গরু মারা যায়। এখানে পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষের অবহেলা আছে বলে আমি মনে করি। পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে কৃষকের ক্ষতিপূরণ দাবি করেছি।
মিয়া বাজার পল্লী বিদ্যুৎ সাব-জোনাল অফিসের এজিএম আহাম্মদ মশিউল আলম জানান, মিয়াবাজার ফিডারের আওতায় বিজয়পুর এলাকায় ‘বিজয়পুর-নীলক্ষি কৃষক সমবায় সমিতি’ পরিচালিত একটি গভীর নলকূপে বিদ্যুৎ সংযোগের তার ওভারলোডের কারণে ক্রসআর্ম থেকে ঝুলে যায়। ঝুলে থাকা তারে স্পৃষ্ট হয়ে পাঁচটি গরু মারা যায়। এটা নিছক একটি দুর্ঘটনা।