ডেস্ক রিপোর্ট
২১ জুলাই ২০২১, ৬:৫৯ অপরাহ্ণ
অধিকার ডেস্ক:: হাঁটুর চোট নিয়েই জিম্বাবুয়ে সফরে তিন ওয়ানডে সিরিজের সব ম্যাচ খেলেছেন তামিম ইকবাল। প্রথম দুই ম্যাচে ব্যাট হাতে ব্যর্থ হলেও শেষ ওয়ানডেতে দুর্দান্ত সেঞ্চুরিতে টাইগারদের জয় এনে দেন তিনি।
তবে সেই চোটের কারণে জিম্বাবুয়ের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে খেলা হচ্ছে না তামিমের। চোট কাটিয়ে উঠতে ৮ সপ্তাহের জন্য সব ধরনের ক্রিকেট থেকে বিরতি নিচ্ছেন তিনি।
শ্রীলঙ্কার বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজ চলাকালে হাঁটুতে চোট পান তামিম। এরপর কিছুটা সুস্থ হয়ে লঙ্কানদের বিপক্ষে ওয়ানডে সিরিজে খেলেন তিনি। কিন্তু একই সমস্যা ফের দেখা দিলে ঢাকা প্রিমিয়ার লিগের (ডিপিএল) সুপার লিগ পর্ব থেকে ছিটকে যান বাংলাদেশের ওয়ানডে অধিনায়ক। চোটের কারণে জিম্বাবুয়ের বিপক্ষে একমাত্র টেস্টেও মাঠে নামতে পারেননি তামিম।
জিম্বাবুয়েকে ওয়ানডেতে হোয়াইটওয়াশ করার পর আসন্ন টি-টোয়েন্টি সিরিজ নিজের না খেলার কথা নিশ্চিত করেছেন তামিম, ‘আমি জানায়নি, তবে আমি প্রচণ্ড ব্যথা অনুভব করছিলাম। আমি এই চোট নিয়েই খেলা চালিয়ে যেতে পারি, কিন্তু তাতে যদি চোট আরও বেড়ে যায়, তাহলে হয়তো ৭-৮ মাস খেলার বাইরে থাকতে হবে। যার কারণে ঝুঁকি নেওয়া ঠিক হবে বলে মনে করছি না। যদি ঠিকঠাক পুনর্বাসন প্রক্রিয়া শেষ করতে পারি তবে টি-টোয়েন্টি বিশ্বকাপের আগেই ঠিক হয়ে যাব।’
প্রায় দুই মাসের পুনর্বাসন শেষে ঠিক সময়ে সেরে উঠতে পারলে বিশ্বকাপের আগে অক্টোবরে ঘরের মাটিতে ইংল্যান্ডের বিপক্ষে সিরিজে খেলবেন তামিম। এর আগে আগস্টে ঘরের মাটিতে অস্ট্রেলিয়ার বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে বাংলাদেশ। এরপর টি-টোয়েন্টি সিরিজ খেলতে বাংলাদেশে আসবে নিউজিল্যান্ড।
এদিকে, জিম্বাবুয়ের বিপক্ষে বাংলাদেশের টি-টোয়েন্টি সিরিজের সময়সূচি এগিয়ে আনা হয়েছে। নতুন সূচি অনুযায়ী ম্যাচগুলো হবে ২২, ২৩ এবং ২৫ জুলাই।