ডেস্ক রিপোর্ট
১৪ জুলাই ২০২১, ১০:৫৭ অপরাহ্ণ
অধিকার ডেস্ক:: বাংলাদেশের সমাজতান্ত্রিক দল-বাসদ কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক কমরেড খালেকুজ্জামান আজ ১৪ জুলাই ২০২১ সংবাদপত্রে দেয়া এক বিবৃতিতে সমাজতান্ত্রিক কিউবার বিরুদ্ধে মার্কিন সাম্রাজ্যবাদের ঘৃণ্য ষড়যন্ত্রের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে সমাজতান্ত্রিক কিউবার বিরুদ্ধে সকল সাম্রাজ্যবাদী চক্রান্তের প্রতিবাদে বিশ্ববিবেক সোচ্চার হওয়ার আহ্বান জানিয়েছেন।
বিবৃতিতে খালেকুজ্জামান বলেন, ১৯৫৯ সালে কিউবার বিপ্লবের পর থেকেই মার্কিন সাম্রাজ্যবাদ সমাজতান্ত্রিক কিউবাকে ধ্বংস করার জন্য ষড়যন্ত্র করে আসছে। মার্কিন যুক্তরাষ্ট্রের মাত্র ৯০ মাইল দূরে দ্বীপ রাষ্ট্র কিউবায় ফিদেল ক্যাস্ত্রো ও চেগুয়েভারার নেতৃত্বে যখন সকল সাম্রাজ্যবাদী রক্তচক্ষু উপেক্ষা করে এগিয়ে চলছে তখন থেকেই কিউবার প্রবাদ প্রতিম নেতা ফিদেল ক্যাস্ত্রোকে ৬৩৮ বার হত্যা প্রচেষ্টা চালিয়ে ব্যর্থ হয়েছে। কিউবাকে দুর্বল এবং ধ্বংস করার লক্ষ্যে ৬০ বছর ধরে অর্থনৈতিক অবরোধ জারি রেখেছে। এর মধ্যেও সমাজতান্ত্রিক কিউবা সে দেশের মানুষের শিক্ষা, স্বাস্থ্য, আবাসনসহ মৌলিক অধিকার নিশ্চিত করেছে।
বর্তমানে যখন গোটা বিশ্ব করোনা মহামারীতে আক্রান্ত তখনও কিউবার চিকিৎসকরা নিজ দেশের গন্ডি পেরিয়ে মার্কিন যুক্তরাষ্ট্রসহ পৃথিবীর বিভিন্ন দেশে করোনা চিকিৎসা সহায়তা নিয়ে এগিয়ে গিয়েছে। জ্ঞান বিজ্ঞানের উৎকর্ষ সাধনের ফলশ্রুতিতে কিউবার চরম অর্থনৈতিক সংকটের মধ্যে ৪টি করোনা ভ্যাকসিন নিজস্ব উদ্যোগে আবিষ্কার করে নাগরিকদের সুরক্ষা দিয়েছে।
করোনা সংক্রমণের ফলে সারা পৃথিবীর অর্থনীতি যখন পর্যুদস্ত, পৃথিবীর দেশসমূহের পারস্পরিক সংহতি ও সহযোগিতা বৃদ্ধি করা দরকার তখন মার্কিন যুক্তরাষ্ট্র কিউবার উপর অবরোধ আরও কঠোর করে কিউবার জনগণের খাদ্যসহ নিত্য পণ্য সামগ্রীর সংকটকে বাড়িয়ে তুলেছে। অপর দিকে নতুন ষড়যন্ত্র হিসেবে কিউবার অভ্যন্তরে মার্কিন দালাল তৈরি করে তাদের মাধ্যমে তথাকথিত স্বাধীনতার দাবি জানিয়ে প্রতিবিপ্লব সংঘটিত করার অপপ্রয়াস চালাচ্ছে।
বিবৃতিতে খালেকুজ্জামান বলেন, মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন কিউবার সরকারকে জনগণের দাবির কথা শোনার পরামর্শ দিচ্ছে অথচ ফিলিস্তিন, ইরাক, সোমালিয়ার কান্না কি শুনছেন? মার্কিন যুক্তরাষ্ট্রসহ পৃথিবীর বিভিন্ন দেশের শান্তিকামী, গণতন্ত্রপ্রিয় জনগণ কিউবার উপর অন্যায়ভাবে চাপিয়ে দেয়া অবরোধ প্রত্যাহারের দাবি করছে তা কি বাইডেন সাহেবের কানে পৌঁছাচ্ছে না? এমন কি তাদের নিয়ন্ত্রিত জাতিসংঘের সাধারণ পরিষদের ১৮৪ এবং ১ ভোটের ব্যবধানে অবরোধ প্রত্যাহারের বিষয়ে রেজুলেশন করার পরও তা উপেক্ষা করে অবরোধ বহাল রেখে মার্কিন যুক্তরাষ্ট্র গণতন্ত্রের চ্যাম্পিয়ন হওয়ার ভান করছে।
বিবৃতিতে তিনি সমাজতান্ত্রিক কিউবার বিরুদ্ধে মার্কিন ষড়যন্ত্রের বিরুদ্ধে বিশ্বের সকল শান্তিপ্রিয়-গণতন্ত্রকামী জনগণকে ঐক্যবদ্ধভাবে সোচ্চার প্রতিবাদ জানানো এবং কিউবার উপর থেকে অবরোধ প্রত্যাহারের জোর দাবি জানানোর আহ্বান জানানো হয়।