ডেস্ক রিপোর্ট

৫ জুলাই ২০২১, ২:২৮ পূর্বাহ্ণ

রাশেদ খান মেননের বিরুদ্ধে অসত্য তথ্য দেওয়ার অভিযোগ বদরুদ্দীন উমরের

আপডেট টাইম : জুলাই ৫, ২০২১ ২:২৮ পূর্বাহ্ণ

শেয়ার করুন

অধিকার ডেস্ক:: সম্প্রতি ‘এক জীবন: স্বাধীনতার সূর্যোদয়’ নামে ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেননের যে আত্মজীবনী প্রকাশিত হয়েছে, তাতে নিজের সম্পর্কে অসত্য তথ্য উপস্থাপন করা হয়েছে বলে অভিযোগ করেছেন লেখক ও রাজনীতিবিদ বদরুদ্দীন উমর।

সংবাদমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এ অভিযোগ তোলেন বদরুদ্দীন উমর। বিবৃতিতে তিনি বলেন, ‘রাশেদ খান মেনন তার সদ্যপ্রকাশিত আত্মজীবনী, ‘এক জীবন: স্বাধীনতার সূর্যোদয়’-এ আমার বিরুদ্ধে কুৎসা রটনা করতে লিখেছেন, ১৯৬৮ থেকে ১৯৭০ সালে গণশক্তি পত্রিকায় তৎকালে চলমান ভারতের নকশালবাড়ী আন্দোলনের যে রিপোর্টগুলো সেখানকার দেশব্রতী পত্রিকায় প্রকাশিত হত, সেগুলোতে আমি জায়গার নাম পাল্টে পূর্ব পাকিস্তানের ঘটনা বলে চালিয়ে দিতাম।’

তিনি বলেন, ‘এটা কীভাবে সম্ভব বোঝা মুশকিল। কারণ দেশব্রতীতে প্রধানত থাকত সেখানকার বিভিন্ন এলাকায় বাঘা-বাঘা জোতদারদের গলা কেটে তাদেরকে হত্যার রিপোর্ট। তৎকালীন পূর্ব পাকিস্তানে প্রকাশ্যে কোনো পত্রিকায় কি সে ধরনের কোনো রিপোর্ট প্রকাশ করা সম্ভব ছিল? অন্ধ বিদ্বেষ ও মতলববাজী মানুষকে কীভাবে কাণ্ডজ্ঞানহীন করতে পারে, এ হল তারই দৃষ্টান্ত। আমি গণশক্তির সম্পাদক ছিলাম। এছাড়া ছিল পার্টি নিয়ন্ত্রিত সম্পাদকমণ্ডলী। পার্টির অনুমোদনের বাইরে কোনো কিছুই গণশক্তিতে ছাপা হত না।’

বদরুদ্দীন উমর বলেন, ‘উল্লেখ করা প্রয়োজন, ১৯৬৮-৬৯ সালে গণশক্তি নামে কোনো পত্রিকা ছিল না। তৎকালীন পূর্ব পাকিস্তান কমিউনিস্ট পার্টির (মার্কসবাদী-লেনিনবাদী) অঘোষিত মুখপত্র হিসেবে ‘সাপ্তাহিক গণশক্তি’ প্রথম প্রকাশিত হয়েছিল ১৯৭০ সালের ফেব্রুয়ারির দ্বিতীয় সপ্তাহে এবং বন্ধ হয়েছিল ১৯৭১ সালের মার্চের তৃতীয় সপ্তাহে। কাজেই ১৯৬৮-৬৯ সালে গণশক্তির কথা বলা এক মহা মিথ্যা ছাড়া আর কী? এছাড়া আমি রাজশাহী বিশ্ববিদ্যালয়ে কর্মরত ছিলাম ১৯৬৮ সালের ডিসেম্বর পর্যন্ত।

তিনি আরও বলেন, ১৯৬০-এর দশক থেকে আজ পর্যন্ত আমি এদেশে সাংস্কৃতিক ও রাজনৈতিক আন্দোলনের ক্ষেত্রে যে কাজ করেছি, সেটা জনগণের জানা আছে। কাজেই আমি নিজে এ বিষয়ে এখানে আর কিছু বলতে চাই না। পাঁচ খণ্ডে লিখিত আমার আত্মজীবনী ‘আমার জীবন’-এও (প্রকাশক বাঙ্গলা গবেষণা) আমি আমার জীবনের কর্ম বৃত্তান্ত লিপিবদ্ধ করেছি।

এছাড়া বিভিন্ন সময়ে রাশেদ খান মেনন তার বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ আনতে অপারগ হয়েছেন আর সেই প্রতিহিংসা থেকেই এবার এমন অসত্য তথ্য উপস্থাপন করেছেন বলেও বিবৃতিতে জানিয়েছেন বদরুদ্দীন উমর।

শেয়ার করুন