ডেস্ক রিপোর্ট

৭ জুন ২০২১, ১০:০৬ অপরাহ্ণ

সৌম্যের ব্যাটে রান, রূপগঞ্জকে উড়িয়ে দিল গাজী গ্রুপ

আপডেট টাইম : জুন ৭, ২০২১ ১০:০৬ অপরাহ্ণ

শেয়ার করুন

অধিকার ডেস্ক:: টানা তিন ম্যাচে ১৫ রানের নিচে আউট হওয়া সৌম্য সরকার অবশেষে রানের দেখা পেলেন। সঙ্গে জ্বলে উঠলেন ‘ধারাবাহিক’ মুমিনুল হক। এই যুগলের ব্যাটে চড়ে সাভার বিকেএসপির চার নম্বর মাঠে লিজেন্ডস অব রূপগঞ্জকে উড়িয়ে দিয়েছে গাজী গ্রুপ ক্রিকেটার্স। মাহমুদউল্লাহ রিয়াদের দল জিতেছে ৭ উইকেট আর ১৩ বল হাতে রেখে।

টস হেরে ব্যাট করতে নেমে ৮ উইকেটে ১৩২ রানেই আটকে গিয়েছিল রূপগঞ্জ। গাজী গ্রুপের বোলারদের নিয়ন্ত্রিত বোলিংয়ে দলটির কোনো ব্যাটসম্যান পঁচিশও করতে পারেননি। মেহেদি মারুফ ২৪ বলে ২৪, সোহাগ গাজী ২০ বলে ২১ আর সাব্বির রহমান ২১ বলে করেন ১৮ রান।

দারুণ বোলিং করেছেন মাহমুদউল্লাহ। ৪ ওভারে মাত্র ১৯ রান খরচায় ২টি উইকেট নেন গাজী গ্রুপ অধিনায়ক। মাহেদি হাসান ৩ ওভারে ২৩ রানে পান ২ উইকেট। ২ উইকেট নিয়েছেন মুকিদুল ইসলাম মুগ্ধও। তবে ৪ ওভারে ৩৮ রান খরচ করেন এই পেসার।

লক্ষ্য ১৩২ রানের। শুরুতেই মাহেদি হাসানকে হারালেও (১৪ বলে ১৩) সৌম্য সরকার আর মুমিনুল হকের ব্যাটে জয় পেতে কষ্ট হয়নি গাজী গ্রুপের। দ্বিতীয় উইকেটে ৮২ রানের জুটি গড়েন তারা।

৪৩ বলে ৪ বাউন্ডারি আর ২ ছক্কায় ৫৩ রান করে ১৪তম ওভারে এসে আউট হন সৌম্য। পরের ওভারে আরেক সেট ব্যাটসম্যান মুমিনুলকেও (২৯ বলে ২ চার ১ ছক্কায় ৩৪) হারায় গাজী গ্রুপ।

তবে দলকে আর কোনো বিপদে পড়তে দেননি অধিনায়ক মাহমুদউল্লাহ আর ইয়াসির আলি। মাহমুদউল্লাহ ১২ বলে ১৫, ইয়াসির ১০ বলে ১৩ রানে অপরাজিত থেকেই মাঠ ছাড়েন।

শেয়ার করুন