ডেস্ক রিপোর্ট
২৪ মে ২০২১, ৯:১৮ অপরাহ্ণ
অধিকার ডেস্ক:: সিলেটে ২০ বছরের মধ্যে মে মাসে সর্বোচ্চ তাপমাত্রার রেকর্ড করা হয়েছে। সোমবার সিলেটে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৮ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস। এর আগে ২০০১ সালের মে মাসে সর্বোচ্চ ৩৮ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছিল। এরপর আর মে মাসে কোনো দিন এত বেশি তাপমাত্রা রেকর্ড করা হয়নি।
সিলেট আবহাওয়া অফিসের জ্যেষ্ঠ আবহাওয়াবিদ সাঈদ আহমদ চৌধুরী জানিয়েছেন, গত ২০ বছরের মধ্যে মে মাসে তাপমাত্রা এত বেশি রেকর্ড করা হয়নি। তিনি বলেন, আজ সন্ধ্যা ৬টা পর্যন্ত সিলেটে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৮ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস। সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৬ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস।
গত চারদিন ধরে তীব্র তাপদাহে সিলেটে জনজীবন নাভিশ্বাস ওঠার উপক্রম হয়েছে। সোমবার দিনভর তাপদাহে অতিষ্ঠ মানুষকে স্বস্তির পরশ এনে দিয়েছে সন্ধ্যার পরে এক পসলা ঝড়ো হাওয়া। হঠাৎ করে আকাশে কালো মেঘের আনাগোনার সঙ্গে তীব্র বিজলি চমকানো প্রত্যক্ষ করেন নগরবাসী।
এ সময় ঝড়ো বাতাসের সঙ্গে কোনো বৃষ্টি ছিল না। ফলে তাপমাত্রা কমলেও ধুলোবালি উড়ে বিড়ম্বনায় ফেলে সাধারণ মানুষকে।
সোমবার রাতে সিলেটে কোথাও কোথাও বৃষ্টির সম্ভাবনা থাকলেও তাতে তাপমাত্রা খুব কমবে না। মঙ্গলবার তাপমাত্রা সামান্য কমলেও ভ্যাপসা গরমের আভাস দিয়েছে আবহাওয়া বিভাগ।
আবহাওয়াবিদ আবু সাঈদ চৌধুরী জানান, ঘূর্ণিঝড় সরে না যাওয়া পর্যন্ত সিলেটে টানা বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে না।