ডেস্ক রিপোর্ট
২২ মে ২০২১, ২:০৫ অপরাহ্ণ
অধিকার ডেস্ক:: রাজধানীর যাত্রাবাড়ী এলাকা থেকে মানবপাচারকারী চক্রের চার সদস্যকে গ্রেফতার করেছে র্যাব-১০। শুক্রবার (২১ মে) সন্ধ্যায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। এসময় পাচারের উদ্দেশে আনা ছয়জনকে উদ্ধার করা হয়। র্যাব জানায়, পতিতাবৃত্তি ও যৌন কাজে নিয়োজিত করার জন্য বিভিন্ন বয়সের নারী ও শিশুদের প্রলোভন দেখিয়ে বাংলাদেশ থেকে বিশ্বের বিভিন্ন দেশে পাচার করে আসছিল চক্রটি।
গ্রেফতাররা হলেন- মিশু (৩৮), মোহন মিয়া (২০), মো. সুজন মিয়া (২৭) ও মো. রিয়াজ (২২)। এসময় তাদের কাছ থেকে ২২টি মোবাইল ফোন, নগদ ২ হাজার ৩৬০ টাকা জব্দ করা হয়।
শনিবার সকালে র্যাব-১০ এর সদর দফতর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে র্যাব-১০ এর একটি দল যাত্রাবাড়ী এলাকায় অভিযান চালায়। অভিযানে ছয়জন ভিকটিমসহ মানবপাচারকারী চক্রের চার সদস্যকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারদের বরাত দিয়ে র্যাব জানায়, তারা পেশাদার নারী ও শিশু পাচারকারী চক্রের সক্রিয় সদস্য। বেশ কিছুদিন ধরে পরস্পর যোগসাজসে, সংঘবদ্ধভাবে ও প্রতারণামূলকভাবে অবৈধপথে পতিতাবৃত্তি ও যৌন কাজে নিয়োজিত করার জন্য বিভিন্ন বয়সের নারী ও শিশুদের প্রলোভন দেখিয়ে বাংলাদেশ থেকে বিশ্বের বিভিন্ন দেশে পাচার করে আসছিলেন। তাদের বিরুদ্ধে যাত্রাবাড়ী থানায় মানবপাচার আইনে একটি মামলা করা হয়েছে।