ডেস্ক রিপোর্ট
১৯ মে ২০২১, ২:৪২ অপরাহ্ণ
অধিকার ডেস্ক:: প্রথম আলোর সাংবাদিক রোজিনা ইসালামের বিরুদ্ধে দায়ের করা স্বাস্থ্য মন্ত্রণালয়ের মামলাটি ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের রমনা বিভাগে হস্তান্তর করা হয়েছে। বুধবার (১৯ মে) দুপুরে শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মামুন অর রশীদ এই তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ডিএমপি কমিশনারের নির্দেশে মামলাটি ডিবিতে হস্তান্তর করা হয়েছে। ডিবি রমনা বিভাগ মামলাটি ইতোমধ্যে বুঝে নিয়েছে। এখন থেকে তারাই মামলাটির তদন্ত করবেন।
উল্লেখ্য, সোমবার (১৭ মে) পেশাগত দায়িত্ব পালনের জন্য সাংবাদিক রোজিনা ইসলাম স্বাস্থ্য মন্ত্রণালয়ে যান। সেখানে ৬ ঘণ্টার বেশি সময় তাকে আটকে রেখে হেনস্তা করা হয়। একপর্যায়ে তিনি অসুস্থ হয়ে পড়েন। রাত সাড়ে ৮টার দিকে তাকে হাসপাতালে নেওয়ার কথা বলে সচিবালয় থেকে শাহবাগ থানায় নিয়ে যাওয়া হয়। রাতেই তার বিরুদ্ধে শাহবাগ থানায় মামলা দায়ের করা হয়। স্বাস্থ্য মন্ত্রণালয়ের অভিযোগের ভিত্তিতে স্বাস্থ্যসেবা বিভাগের উপসচিব ডা. মো. শিব্বির আহমেদ উসমানী বাদী এ মামলা দায়ের করেন। সাংবাদিক রোজিনার বিরুদ্ধে অনুমতি ছাড়া মোবাইলফোনে সরকারি গুরুত্বপূর্ণ নথির ছবি তোলা এবং আরও কিছু নথি লুকিয়ে রাখার অভিযোগ এনেছে স্বাস্থ্য মন্ত্রণালয়।
স্বাস্থ্য মন্ত্রণালয়ের দায়ের করা তথ্য পাচার মামলায় রোজিনা ইসলামকে মঙ্গলবার (১৮ মে) সকালে সিএমএম আদালতে নিয়ে আসা হয়। সকাল ১১টা ৫ মিনিটে তাকে আদালতে তোলা হয়। আদালতে রাষ্ট্রপক্ষে শুনানি করেন আইনজীবী হেমায়েত উদ্দিন খান হিরন। রোজিনা ইসলামকে জিজ্ঞাসাবাদের জন্য পাঁচ দিনের রিমান্ডে নেওয়ার আবেদন করা হলে তার আইনজীবী এহসানুল হক সামাজী রিমান্ডের আবেদনের বিরোধিতা করে জামিন চান।
চিফ জুডিশিয়াল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতের বিচারক মোহাম্মদ জসিম সাংবাদিক রোজিনা ইসলামের রিমান্ড নাকচ করেন এবং আগামী বৃহস্পতিবার (২০ মে) জামিন শুনানির দিন ধার্য করেন। বিচারকের আদেশ পাওয়ার পর সিএমএম আদালতের হাজতখানায় রাখা হয় তাকে। সর্বশেষ খবর অনুযায়ী সাংবাদিক রোজিনা ইসলামকে গাজীপুরের কাশিমপুর কারাগারে পাঠানো হয়েছে।