ডেস্ক রিপোর্ট
১৮ মে ২০২১, ৭:৪৯ অপরাহ্ণ
অধিকার ডেস্ক:: সাংবাদিক রোজিনা ইসলামকে সচিবালয়ে ৫ ঘন্টার বেশি সময় জোরপূর্বক আটকিয়ে রেখে শাররিকভাবে হেনস্তা, মানসিক নির্যাতন ও অসুস্থ্য অবস্থায় গ্রেফতার করার তীব্র নিন্দা, প্রতিবাদ ও অবিলম্বে রোজিনা ইসলামের মুক্তি দাবি করেছেন জাতীয় গণতান্ত্রিক ফ্রন্ট।
জাতীয় গণতান্ত্রিক ফ্রন্টের কেন্দ্রীয় সভাপতি ডাঃ এম.এ করিম ও সাধারণ সম্পাদক ব্রিগেঃ জেনাঃ (অব) এম. জাহাঙ্গীর হোসাইন আজ এক বিবৃতিতে এই নিন্দা জানান।
নেতৃবৃন্দ বলেন, সাংবাদিক রোজিনা ইসলাম পেশাগত দায়িত্ব পালনে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সচিবালয়ে গেলে সরকারের সর্বোচ্চ পর্যায়ের একজন অতিরিক্ত সচিবের নেতৃত্বে রোজিনা ইসলামকে যেভাবে হেনস্তা ও নির্যাতন করা হয়েছে তা ভাষায় করার মতো নয়। এমন কি অসুস্থ্য অবস্থায় তাকে হাসপাতালে না পাঠিয়ে পুলিশের কাছে তুলে দেওয়া হয়। পুলিশ সাংবাদিক রোজিনা ইসলামকে ৫ দিনের রিমান্ডে নেওয়ার আবেদন করে তাদের ‘দক্ষতা’ দেখিয়েছে। করোনা দূর্যোগের সময়ে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সাহেদ-সাবরিনা-জেকিজির দূর্নীতি, নিয়োগ বাণিজ্য-দূর্নীতি যখন সর্বগ্রাসীরূপ লাভ করেছে তখন সাংবাদিকদের টুটি চেপে ধরার লক্ষ্যে রোজিনা ইসলামের বিরুদ্ধে পরিকল্পিতভাবে এই ঘটনা ঘটানো হয়েছে।
নেতৃবৃন্দ বলেন, স্বাস্থ্য মন্ত্রণালয়ের বিরুদ্ধে একাধিক রিপোর্ট করার কারণেই রোজিনা ইসলামকে সরকারের রোষানলে পড়তে হয়েছে। সরকার একের পর এক লেখক, সাংবাদিক, কাটুনিস্ট, রাজনীতিবিদ, শ্রমিকনেতাকে মামলা-হামলা-গ্রেফতার, নিবর্যাতন করে জনগণের বাক, ব্যক্তিস্বাধীনতা ও মতপ্রকাশের মৌলিক অধিকার কেড়ে নিচ্ছে। সরকার মুখে সংবাদপত্রের স্বাধীনতা, গণতন্ত্র ও সংবিধানের বুলি আওড়ালেও সকল ধরনের গণতান্ত্রিক মূল্যবোধকে ভূলুন্ঠিত করে ডিজিটাল নিরাপত্তা আইনসহ বিভিন্ন কালাকানুন তৈরি করে সংবাদপত্রের স্বাধীনতা হরণ, সভা-সমাবেশ বাঁধা, বিনাবিচারে হত্যা-খুন-গুম, মামলা-হামলা-গ্রেফতারসহ দমন-পীড়ন চালিয়ে স্বৈরতন্ত্রকে ক্রমাগত তীব্রতর করেছে চলেছে। নেতৃবৃন্দ অবিলম্বে সাংবাদিক রোজিনা ইসলামের নিঃশর্ত মুক্তি দাবি করেন।
নেতৃবৃন্দ আরও বলেন বাক, ব্যক্তি ও মতপ্রকাশের স্বাধীনতার পূর্বশর্ত হচ্ছে গণতান্ত্রিক সমাজ ব্যবস্থা। তাই সাম্রাজ্যবাদ, সামন্তবাদ, আমলা দালাল পুঁজি বিরোধী জাতীয় গণতান্ত্রিক সমাজব্যবস্থা কায়েমের লক্ষ্যে শ্রমিক-কৃষক, সাংবাদিক, পেশাজীবীসহ জনগণের ঐক্যবদ্ধ সংগ্রাম গড়ে তুলতে হবে।