ডেস্ক রিপোর্ট
২৫ এপ্রিল ২০২১, ৪:৩৬ অপরাহ্ণ
অধিকার ডেস্ক:: লকডাউনে রিকশা চলাচলের অনুমতি ও রিকশার উপর পুলিশি হয়রানি বন্ধের দাবিতে বিক্ষোভ মিছিল করেছেন রিকশা চালকরা। রবিবার (২৫ এপ্রিল) বেলা সাড়ে ১১টার দিকে পল্টন-প্রেস ক্লাব সড়কে রিকশা ভ্যান শ্রমিক ইউনিয়নের ব্যানারে এ মিছিল অনুষ্ঠিত হয়। মিছিল শেষে রিকশাচালকরা প্রেস ক্লাবের সামনে জড়ো হয়ে সমাবেশ করেন।
সমাবেশে রিকশা ভ্যান শ্রমিক ইউনিয়নের উপদেষ্টা জলি তালুকদার বলেন, ‘লকডাউনে রিকশা চালকদের উপর অনেক নির্যাতন করা হয়েছে। এটা সহ্য করার মতো নয়।’
তিনি আরও বলেন, ‘কর্মহীন মানুষের জন্য সরকারের অনেক বরাদ্দ আসে। কিন্তু আমাদের ভাগ্যে জোটে না। নেতারা সব খেয়ে ফেলে। আমরা পাই না। শুধু রিকশা আটকানো নয়, রিকশা আটকিয়ে টাকা আদায় করা হয়। আমরা রাস্তায় নামলে পুলিশ রিকশা উল্টে দেয়। ভিআইপির কথা বলে রাস্তায় চলতে দেয় না। যারা ব্যাংক লুট করে তারা কিসের ভিআইপি?’
রিকশা ভ্যান শ্রমিক ইউনিয়নের সভাপতি শাহাদাত খাঁর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য দেন– সাধারণ সম্পাদক আব্দুল কুদ্দুস, যুগ্ম সাধারণ সম্পাদক হাসান আহমেদ বাবলু, কোষাধ্যক্ষ শহিদুল ইসলাম প্রমুখ।