ডেস্ক রিপোর্ট
২৪ এপ্রিল ২০২১, ৮:৪৫ অপরাহ্ণ
অধিকার ডেস্ক:: করোনা মোকাবিলায় ভারত, ব্রাজিলসহ হিমসিম খাচ্ছে বিভিন্ন দেশ। তবে সফলতা দেখাল ইসরায়েল। বিশ্বে একদিনে ১৪ হাজারের বেশি মুত্যু হলেও ইসরায়েলে গত দু’দিনে মারা যায়নি কেউ। শনাক্ত হয়েছে মাত্র ৮৫ জন।
এরইমধ্যে স্বাভাবিক জীবনে ফিরছে ইসরায়েলের মানুষ। খুলে দেয়া হয়েছে স্কুল, অফিস, ব্যবসা প্রতিষ্ঠান। তবে কিছু বদ্ধ ও সংকীর্ণ জায়গায় মাস্ক পরা ও মানুষের ধারণক্ষমতা সীমিত রাখার নির্দেশনা রয়েছে।
গত জুনেও দেশটিতে করোনায় মৃত্যু শূন্যের কোটায় ছিল। কঠোর লকডাউনে সে ধাক্কা সামলায় দেশটি। এ বছরের শুরুতে আবারও বাড়তে থাকে সংক্রমণ। এর আগে ডিসেম্বর থেকেই দেশটিতে ফাইজার–বায়োএনটেকের টিকা প্রয়োগ শুরু হয়। বিশেষজ্ঞরা মনে করছেন, ভ্যাকসিনই করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছে।
ইসরায়েলের স্বাস্থ্যমন্ত্রণালয়ের হিসেবে, বৃহস্পতিবার পর্যন্ত ৯০ লাখ জনগোষ্ঠির দেশটিতে ১৬ বছরের বেশি বয়সী ৫০ লাখের বেশি মানুষকে টিকা দেয়া হয়েছে। খুব শিগগিরই ১২ থেকে ১৫ বছর বয়সীদেরও দেয়া হবে টিকা।
বিশ্ব স্বাস্থ্য সংস্থা মনে করে, কোনো দেশের মোট জনসংখ্যার ৬৫ থেকে ৭০ শতাংশ মানুষের ইমিউনিটি সিস্টেম তৈরি হলেই কমবে সংক্রমণ।