ডেস্ক রিপোর্ট
১৮ এপ্রিল ২০২১, ৮:১০ অপরাহ্ণ
অধিকার ডেস্ক:: তৃতীয় ম্যাচে এসেও যেন উড়ছে বিরাট কোহলির রয়েল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু। এবার তাদের শিকার কলকাতা নাইট রাইডার্স। চেন্নাইয়ের এম চিদাম্বরম স্টেডিয়ামে কলকাতাকে ৩৮ রানের বড় ব্যবধানে হারিয়েছে বিরাট কোহলির দল।
নিজেদের তৃতীয় ম্যাচে আজ পরস্পর মুখোমুখি হয় ব্যাঙ্গালুরু আর কলকাতা। আগের ম্যাচে প্রায় জেতা ম্যাচ হেরে গিয়েছিল শাহরুখ খানের দল। কিন্তু আজ তৃতীয় ম্যাচে লড়াই’ই করতে পারলো না আরসিবির সঙ্গে।
কোহলিদের দেয়া ২০৫ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ১৬৬ রানেই আটকে গেছে কলকাতা। যার ফলে পরাজয় স্বীকার করে নিতে বাধ্য হলো কেকেআর।
এই ম্যাচেও দারুণ ব্যর্থতার পরিচয় দিয়েছেন সাকিব আল হাসান। বল হাতে ২ ওভারে দিয়েছিলেন ২৪ রান। যে কারণে পরে আর তাকে বোলিংয়েই আনেনি কেকেআর অধিনায়ক। ব্যাটিংয়ে নেমে আজ কিছুটা রানের দেখা পেয়েছেন। আগের দুই ম্যাচের তুলনায় বেশি রান করেছেন।
তবে সেটা অনেক বল খরচ করে। স্ট্রাইক রেট নিতান্তই কম। ২৫ বলে তিনি করেছেন ২৬ রান। ১টি করে চার এবং ছক্কা। স্ট্রাইক রেট কেবল ১০৪। এমন খরুচে ইনিংস দিয়ে কোনো ভূমিকাই রাখতে পারলেন না সাকিব।