ডেস্ক রিপোর্ট

১৭ এপ্রিল ২০২১, ৮:৪৫ অপরাহ্ণ

সুষ্ঠু তদন্তের মাধ্যমে বাঁশখালীতে শ্রমিক হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি বাসদের

আপডেট টাইম : এপ্রিল ১৭, ২০২১ ৮:৪৫ অপরাহ্ণ

শেয়ার করুন

অধিকার ডেস্ক:: চট্টগ্রামের বাঁশখালীতে শ্রমিকদের উপর পুলিশের গুলিবর্ষণ ও হত্যাকান্ডের ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে সুষ্ঠু তদন্তের মাধ্যমে দায়ীদের বিচার ও দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন বাংলাদেশের সমাজতান্ত্রিক দল-বাসদ কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক কমরেড খালেকুজ্জামান। আজ শনিবার ১৭ এপ্রিল ২০২১ সংবাদপত্রে দেয়া এক বিবৃতিতে তিনি এই দাবি জানান।

বিবৃতিতে তিনি বলেন, শ্রমিকেরা রমজানে বিকেল ৫টার মধ্যে ছুটি, ইফতারের জন্য অর্থ বরাদ্দ, মাসের বেতন ৫ থেকে ১০ তারিখের মধ্যে প্রদান, যখন তখন ছাঁটাই বন্ধ এবং ছাঁটাইকৃত শ্রমিকদের আইনানুযায়ী সমুদয় পাওনা পরিশোধসহ ১০ দফা যৌক্তিক দাবিতে আজ সকালে যখন মালিক পক্ষের সাথে বৈঠক করছিল তখন বিদ্যুৎ কেন্দ্রের অফিস ঘরের বাইরে সমবেত শ্রমিকদের শান্তিপূর্ণ সমাবেশে পুলিশের বর্বর হামলা, গুলিবর্ষণে ৫ জন শ্রমিক ঘটনাস্থলেই মৃত্যুবরণ করেন এবং অর্ধশতাধিক শ্রমিক আহত হন।

বিবৃতিতে খালেকুজ্জামান বাঁশখালীর গন্ডামারায় শ্রমিক হত্যার ঘটনার সুষ্ঠূ তদন্ত করে দায়ীদের দৃষ্টান্তমূলক শাস্তি এবং নিহতদের পরিবারকে আজীবন আয়ের সমান অর্থ ক্ষতিপূরণ এবং আহতদের সুচিকিৎসা ও পুনর্বাসনের জন্য সরকারের প্রতি দাবি জানান।

শেয়ার করুন