ডেস্ক রিপোর্ট
১৭ এপ্রিল ২০২১, ১:৪৬ অপরাহ্ণ
চট্টগ্রাম প্রতিনিধি:: চট্টগ্রামের বাঁশখালীর গণ্ডামারা এলাকায় একটি বিদ্যুৎকেন্দ্রে শ্রমিকদের সঙ্গে পুলিশের সংঘর্ষে নিহত হয়েছেন ৫ জন শ্রমিক। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ৩০ শ্রমিক।
শনিবার (১৭ এপ্রিল) দুপুর পৌনে ১২টার দিকে এ ঘটনা ঘটে। আহতদের বাঁশখালী মেডিকেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
কর্মরত শ্রমিক হাবিবুর রহমান জানান, রোজা মাসে ইফতারের জন্য কাজের সময় আধা ঘন্টা কমানো সহ বিভিন্ন দাবিতে শ্রমিকরা মানববন্ধন পালন করছিলেন তখন পুলিশ বাধা দিলে সংর্ঘষ লেগে যায়।
হাবিব জানান, দীর্ঘদিন থেকে বেতন-ভাতা, কাজের পরিবেশ, নোটিশ ছাড়া শ্রমিক ছাঁটাই এর জন্য শ্রমিকদের মধ্যে ক্ষোভ ছিল। রমজান মাসের শুরু থেকে শ্রমিকরা বারবার কোম্পানীর কর্মকর্তাদের লিখিতভাবে বলেছিলেন রোজা মাসে ইফতারের জন্য আধা ঘন্টা আগে যেন ছুটি দেওয়া হয়। কিন্তু কতৃপক্ষ তারা কর্ণপাত না করাকে শ্রমিকরা আরও বেশি বিক্ষোদ্ধ হয়ে উঠে।
চট্টগ্রামের অতিরিক্ত পুলিশ সুপার জানিয়েছেন, বেতন ভাতা নিয়ে শুক্রবার (১৬ এপ্রিল) থেকে শ্রমিকদের মধ্যে উত্তেজনা দেখা দেয়। এর জেরে সকালে প্রশাসনের সঙ্গে বৈঠকে বসেন শ্রমিক নেতারা। বৈঠক চলার সময় দাবি-দাওয়া আদায় নিয়ে শ্রমিকদের সঙ্গে পুলিশের ধাওয়া পাল্টা ধাওয়া শুরু হয়। এক পর্যায়ে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয়। এ সময় পুলিশ গুলি ছুঁড়লে ঘটনাস্থলেই চারজন নিহত হন। আহত হন অন্তত ২৩ জন। এদের মধ্যে গুলিবিদ্ধ ছয় থেকে সাতজনকে চট্টগ্রাম মেডিক্যালে আনা হলে একজনের মৃত্যু হয়। আহত অন্যদের বাঁশখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেয়া হচ্ছে।