ডেস্ক রিপোর্ট

১৪ এপ্রিল ২০২১, ৩:১২ অপরাহ্ণ

গণ বিশ্ববিদ্যালয়ে ভিন্নধর্মী চৈত্র সংক্রান্তি

আপডেট টাইম : এপ্রিল ১৪, ২০২১ ৩:১২ অপরাহ্ণ

শেয়ার করুন

গবি প্রতিনিধি :: সাভারের গণ বিশ্ববিদ্যালয়ে স্বাস্থ্যবিধি মেনে ভিন্ন আঙ্গিকে চৈত্র সংক্রান্তি উৎসব ১৪২৭ পালিত হয়েছে।

মঙ্গলবার (১৩ এপ্রিল) বাংলা নতুন বছর ও বসন্তের শেষ দিনে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা কলাপাতায় পান্তা ও ঘুড়ি উৎসবের আয়োজন করে।

ক্যাম্পাসের খেলার মাঠে রঙিন ঘুড়ি উড়িয়ে পুরাতন বছরের সকল দুঃখগুলোকে বিদায় জানান শিক্ষার্থীরা। পাশাপাশি লাল, নীল ও হলুদ কাগজের নৌকা পানিতে ভাসিয়ে পুরনো বছরের গ্লানি ভুলে নতুন বছরকে স্বাগত জানানো হয়। পরে ট্রান্সপোর্ট চত্বরে পান্তা পর্বের মধ্য দিয়ে আয়োজনের ইতি ঘটে। এ সময় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

চৈত্র সংক্রান্তি উৎসব ১৪২৭ এর আয়োজন প্রসঙ্গে গবির ভেটেরিনারি অ্যান্ড এনিমেল সাইন্সস অনুষদের শিক্ষার্থী নাজমুল হাসান বলেন, ‘এ বছর করোনার কারণে সব আয়োজনেই জনসমাগম নিষিদ্ধ করা হয়েছে। তবে যেহেতু এটি স্বাধীনতার সুবর্ণজয়ন্তীর বছর, সেহেতু যদি আমরা কিছুই না করি, তবে স্বাধীনতার বিপক্ষের শক্তি মাথাচাড়া দিয়ে উঠবে। তাই সীমিত পরিসরে হলেও দূরত্ব বজায় রেখে, মাস্ক পরিধান করে আয়োজনটি সম্পূর্ণ করেছি।’

একই অনুষদের শিক্ষার্থী শুভঙ্কর চন্দ্র দে বলেন, ‘করোনা লগ্নে চৈত্র সংক্রান্তি আয়োজন ছিল কঠিন চ্যালেঞ্জ। ঘুড়ি বানিয়ে আকাশে উড়িয়ে প্রার্থনা করেছি- যেন বাঙালিরা মুক্ত বাতাসে বেড়াতে পারে। কাগজের নৌকায় ভাসিয়ে দিয়েছি বছরের জরাজীর্ণতা ও মনের সকল সংকীর্ণতা। পরে গাছতলায় পান্তা ও আলু ভর্তা খেয়েছি। আমাদের মনে ছিল বাঙালিয়ানাকে ধরে রাখার আপ্রাণ চেষ্টা।’

শেয়ার করুন