ডেস্ক রিপোর্ট
৯ এপ্রিল ২০২১, ১০:১৬ পূর্বাহ্ণ
অধিকার ডেস্ক:: আগামী ১৪ এপ্রিল থেকে এক সপ্তাহের জন্য সর্বাত্মক লকডাউন দেওয়ার কথা চিন্তা করছে সরকার। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এই তথ্য জানিয়েছেন।
তিনি বলেন, ‘দেশে করোনা সংক্রমণ ভয়াবহ রূপ নিয়েছে। লাফিয়ে লাফিয়ে বাড়ছে সংক্রমণ ও মৃত্যুর হার। সঙ্গে বাড়ছে জনগণের অবহেলা ও উদাসীনতা। এমতাবস্থায় সরকার জনস্বার্থে আগামী ১৪ এপ্রিল থেকে এক সপ্তাহের জন্য সর্বাত্মক লকডাউনের বিষয়ে সক্রিয় চিন্তা-ভাবনা করছে।’
ওবায়দুল কাদের আজ শুক্রবার (৯ এপ্রিল) সকালে তার সরকারি বাসভবনে ভার্চুয়াল ব্রিফিংকালে এ কথা জানান।
তিনি বলেন, গত সোমবার থেকে চলমান এক সপ্তাহের লকডাউনে জনগণের উদাসীন মানসিকতার কোনও পরিবর্তন হয়েছে বলে মনে হয় না।
তিনি বিসিএস কর্মকর্তাদের এক অনুষ্ঠানে যুক্ত হয়ে বলেন, ‘মানুষকে বাঁচানোর জন্য ভবিষ্যতে কঠোর পদক্ষেপ নিতে হবে। আপনারাও স্বাস্থ্যবিধি মেনে চলবেন। সবাইকে উৎসাহিত করবেন। মাস্ক পরবেন। ঘরে ফিরে গরম পানির ভাপ নেবেন। গড়গড়া করবেন।’
উল্লেখ্য, আগামী ১১ এপ্রিল পর্যন্ত এই লকডাউন চলবে।
এর আগে গতকাল (বৃহস্পতিবার) করোনাভাইরাস থেকে মানুষকে বাঁচানোর জন্য ভবিষ্যতে আরও কঠোর পদক্ষেপ নিতে হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।