ডেস্ক রিপোর্ট

৮ এপ্রিল ২০২১, ৪:৫৮ অপরাহ্ণ

নারায়ণগঞ্জের থানা, ফাঁড়িতেও মেশিনগান চৌকি স্থাপন

আপডেট টাইম : এপ্রিল ৮, ২০২১ ৪:৫৮ অপরাহ্ণ

শেয়ার করুন

নারায়ণগঞ্জ প্রতিনিধি:: বিশেষ নিরাপত্তায় নারায়ণগঞ্জ জেলার সাত থানা ও আট ফাঁড়িতে এলএমজি চৌকি স্থাপন করা হয়েছে। বৃহস্পতিবার রাত থেকে থানায় নিরাপত্তার অংশ হিসেবে গুরুত্ব অনুসারে থানা, ফাঁড়ি ও তদন্তকেন্দ্রে এলএমজি পোস্ট ও সিমেন্টের বস্তা দিয়ে বিশেষ ধরনের প্রতিরোধ ব্যবস্থা স্থাপন করা হয়েছে।

পাশাপাশি বাড়ানো হয়েছে পুলিশ সদস্যের সংখ্যা। এসব চৌকিতে ২৪ ঘণ্টা দায়িত্ব পালন করছে পুলিশ।

বৃহস্পতিবার রাতে নারায়ণগঞ্জ আড়াইহাজার থানায় গিয়ে দেখা যায়, থানার ছাদের ওপর গোলঘরে সিমেন্টের বস্তা দিয়ে তৈরি করা হয়েছে চৌকি। সেখানে দায়িত্বরত পুলিশের এক সদস্য এলএমজি তাক করে বসে আছেন।

বিষয়টি নিশ্চিত করে বৃহস্পতিবার রাত পৌনে ৯টায় নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার মোহাম্মদ জায়েদুল আলম জানান, পুলিশ সদর দপ্তরের নির্দেশনায় জেলার সাত থানা ও আট ফাঁড়িতে ওই বিশেষ চৌকি স্থাপন করা হয়েছে। বাড়তি নিরাপত্তার অংশ হিসেবে পুলিশের আওতাধীন সব থানা, ফাঁড়ি, তদন্তকেন্দ্র ও স্থাপনায় এলএমজি পোস্ট স্থাপন করা হয়েছে।

এর আগে সিলেটের সব থানা ও ফাঁড়িতে নিরাপত্তার প্রয়োজনে মেশিনগান স্থাপন করা হয়।

সিলেট পুলিশ সূত্র জানায়, দেশের বিভিন্ন স্থানে গত কয়েকদিনে বেশ কয়কবার হামলা-ভাঙচুর, অগ্নিসংযোগের প্রেক্ষিতে সদর দপ্তরের নির্দেশনার আলোকে এ নিরাপত্তামূলক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। ইতিমধ্যে সব থানায় এলএমজি সরবরাহ করা হয়েছে। প্রতিটি থানায় সুবিধাজনক স্থানে এলএমজি পোস্ট স্থাপন করে নিরাপত্তার দায়িত্ব পালন করছেন পুলিশ সদস্যরা। এ ছাড়া ঝুঁকি বিবেচনায় থানায় অতিরিক্ত ফোর্সও মোতায়েন করা হয়েছে।

শেয়ার করুন