ডেস্ক রিপোর্ট
৩১ মে ২০২১, ৯:৪৬ অপরাহ্ণ
অধিকার ডেস্ক:: পার্বতীপুরের একটা ইউনিয়নেই ১৯টি ইটভাটা গড়ে উঠেছে। এ বছর এসব ইটভাটার বিষাক্ত গ্যাসে এই এলাকার প্রায় ৩০০ একর জমির ধান, আম, লিচুসহ প্রায় ৩০ প্রকারের ফল ও ফসল ক্ষতিগ্রস্ত হয়েছে। এই ঘটনাকে কেন্দ্র করেই এই গ্রামগুলোর কৃষকেরা ফুঁসে উঠেছেন।
একদিকে আছে ইটভাটার মালিক, যারা এই এলাকার পুঁজিপতি, এলাকার ক্ষমতাকাঠামোর সবচেয়ে কাছাকাছি থাকা মানুষ। অন্যদিকে দাঁড়িয়ে আছে ক্ষুদ্র কৃষক, এদের কেউ নিজের জমিতে ফসল চাষ করে, কেউ আবার বর্গাচাষী। এইসব চাষীরা আজকে ৩০০ একর জমির ফসলের ক্ষতিপূরণের দাবি তুলেছে। আওয়াজ তুলছে কৃষি জমি ও জনবসতিপূর্ণ এলাকা থেকে ইটভাটা সরিয়ে ফেলার। বাংলাদেশের অনেক রাজনৈতিক শক্তি এবং পরিবেশ আন্দোলন কর্মীদের বহুদিনের এই দাবি আজ একেবারে গ্রামের প্রান্তিক কৃষকদেরও দাবি হয়ে উঠেছে।
ইটভাটার বিষাক্ত গ্যাসে ক্ষতিগ্রস্থ কৃষকের ক্ষতিপূরণ এবং কৃষি, কৃষক, পরিবেশ, জীবন রক্ষার দাবিতে হামিদপুর ইউনিয়নের দক্ষিণ পলাশবাড়ী বাজারে ইটভাটার বিষাক্ত গ্যাসে ক্ষতিগ্রস্থ কৃষক সংগ্রাম পরিষদের মানববন্ধন ও সমাবেশে সভাপতিত্ব করেন সংগ্রাম পরিষদের আহবায়ক আজিজুর রহমান।
মানববন্ধনে সংহতি জানান বাম গণতান্ত্রিক জোটের অন্যতম কেন্দ্রীয় নেতা ইউনাইটেড কমিউনিস্ট লীগের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন নান্নু, দিনাজপুর জেলার সাধারণ সম্পাদক আনোয়ার আলী সরকার, দিনাজপুর জেলা বাসদ নেতা কিবরিয়া হোসেন প্রমুখ।