ডেস্ক রিপোর্ট

২৩ ফেব্রুয়ারি ২০২৩, ২:৩২ অপরাহ্ণ

বগুড়ায় বাস-অটোরিকশা সংঘর্ষে নিহত ৪

আপডেট টাইম : ফেব্রুয়ারি ২৩, ২০২৩ ২:৩২ অপরাহ্ণ

শেয়ার করুন

অধিকার ডেস্ক: বগুড়ার শাজাহানপুর উপজেলায় বাসের সঙ্গে সিএনজিচালিত অটোরিকশার সংঘর্ষে চারজন নিহত হয়েছেন।নিহতদের মধ্যে তিন পুরুষ ও এক নারী। এ ছাড়া শিশুসহ আরও দুজন আহত হয়েছেন।

বৃহস্পতিবার (২৩ ফেব্রুয়ারি) দুপুর ১২টার দিকে উপজেলার সুজাবাদ দহপাড়ার দ্বিতীয় বাইপাস সড়কে এ দুর্ঘটনা ঘটে। এ সময় স্থানীয় লোকজন বাসটিতে আগুন ধরিয়ে দেন।

দুর্ঘটনায় নিহতদের মধ্যে দুজনের নাম পাওয়া গেছে। তারা হলেন- গাবতলীর কদমতলীর বাসিন্দা ও অটোরিকশাচালক হযরত আলী (৫০), যাত্রী ধুনটের বেড়েরবাড়ীর নুরনবী বাদশা (৬০)। অন্যদের নাম-পরিচয় এখনও পাওয়া যায়নি। আহত দুজনকে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

কৈগাড়ী ফাঁড়ির সহকারী উপ-পরিদর্শক (এএসআই) আব্বাস আলী  বলেন, গাইবান্ধা থেকে যাত্রী নিয়ে একটি বাস ঢাকার দিকে যাচ্ছিল। আর সিএনজিচালিত অটোরিকশাটি যাত্রী নিয়ে যাচ্ছিল ধুনট উপজেলায়। পথে সুজাবাদ দহপাড়ায় পৌঁছালে রাস্তার ডানে মোড় নেওয়ার সময় মুখোমুখি সংঘর্ষ হয়।

এদিকে দুর্ঘটনার পরপরই উত্তেজিত স্থানীয় লোকজন বাসে আগুন ধরিয়ে দেয়। এতে বাসের পিছনের অংশ পুড়ে যায়।

এ বিষয়ে শাজাহানপুর থানার উপ-পরিদর্শক (এসআই) মোহাম্মদ আলী  বলেন, দুর্ঘটনার খবর পেয়ে আমরা ঘটনাস্থলে এসেছি। স্থানীয়রা বলছে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে বাসে আগুন লাগে। তবে বিষয়টি আমরা খতিয়ে দেখছি।

শেয়ার করুন