ডেস্ক রিপোর্ট
২২ আগস্ট ২০২২, ৬:৫৫ অপরাহ্ণ
অধিকার ডেস্ক:: অফফর্ম ও স্ট্রাইকরেট নিয়ে সমালোচনায় জাতীয় দল থেকে বাদ পড়েছিলেন নাঈম শেখ। এই ওপেনারের ফিরতেও সময় লাগলো না। ওয়েস্ট ইন্ডিজ ‘এ’ দলের বিপক্ষে সেঞ্চুরি করে জাতীয় দলে ফিরেছেন। ওয়েস্ট ইন্ডিজ থেকে সরাসরি দুবাইতে এশিয়া কাপের দলের সঙ্গে যোগ দেবেন। বাংলাদেশ দল মঙ্গলবার বিকাল ৫টা ১৫ মিনিটে ঢাকা থেকে দুবাইয়ের উদ্দেশে রওনা হবে।
মূলত ওপেনার সংকট এবং দুই ওপেনার পারভেজ হোসেন ইমন ও এনামুল হক বিজয়ের ফর্মহীনতায় চিন্তিত টিম ম্যানেজমেন্ট। তাদের ওপরেও ভরসা রাখা যাচ্ছে না। এছাড়া নুরুল হাসান সোহানও ইনজুরিতে ছিটকে গেছেন। আশা করা হচ্ছিল, আরব আমিরাতে রওয়ানা হওয়ার আগে সুসংবাদ পাবেন এই উইকেট কিপার ব্যাটার। কিন্তু পেলেন দুঃসংবাদ। সবকিছু মিলিয়ে দলে ব্যাটিং শক্তি কমে যাওয়াতে নাঈম শেখকে এশিয়া কাপের দলে অন্তর্ভুক্ত করতে বাধ্য হয়েছে নির্বাচক প্যানেল।
এ ব্যাপারে নির্বাচক প্যানেল থেকে জানা গেছে, সোহানের ইনজুরির কারণেই মূলত নাঈমকে নেওয়া হয়েছে। নাঈম প্রত্যাশা পূরণ করতে পারবেন বলে নির্বাচকরা আশা করছেন।
এশিয়া কাপে সুযোগ পাওয়া ২৩ বছর বয়সী এই বাঁহাতি ব্যাটার বাংলাদেশের জার্সিতে ৩৪টি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন। ধারাবাহিকভাবে রান করলেও স্লো ব্যাটিংয়ের কারণে সমালোচিত হচ্ছিলেন খুব। ৩৪ ম্যাচে ২৪.৫১ গড়ে তার রান ৮০৯। কোনও সেঞ্চুরি না থাকলেও হাফসেঞ্চুরি আছে চারটি।
মাঝে কিছুদিন অফফর্মে থাকলেও উইন্ডিজ সফরে স্বাগতিকদের ‘এ’ দলের বিপক্ষে দ্বিতীয় একদিনের ম্যাচে ১০৩ রান করেছিলেন। তার ১১৬ বলের ইনিংসে ছিল ১টি ছক্কা ও ১৪টি চার।
এশিয়া কাপের স্কোয়াড:
সাকিব আল হাসান (অধিনায়ক), এনামুল হক বিজয়, মুশফিকুর রহিম, আফিফ হোসেন, মোসাদ্দেক হোসেন, মাহমুদউল্লাহ, শেখ মেহেদী হাসান, মোহাম্মদ সাইফউদ্দিন, মোস্তাফিজুর রহমান, নাসুম আহমেদ, সাব্বির রহমান, মেহেদী হাসান মিরাজ, তাসকিন আহমেদ, এবাদত হোসেন , পারভেজ হোসেন ইমন ও নাঈম শেখ।