ডেস্ক রিপোর্ট
২২ জুলাই ২০২২, ১:৪০ পূর্বাহ্ণ
অধিকার ডেস্ক:: সমাজতান্ত্রিক মহিলা ফোরামের কেন্দ্রীয় সভাপতি প্রকৌশলী শম্পা বসু এবং সাধারণ সম্পাদক দিলরুবা নূরী সংবাদপত্রে দেয়া এক বিবৃতিতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের যৌন নিপীড়ন বিরোধী আন্দোলনে সংহতি জানিয়েছেন।
বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, ‘নিজের হলের সামনে লাঞ্চিত ও অপমানের শিকার হল একজন শিক্ষার্থী। ক্যাম্পাসেরই কয়েকজন শিক্ষার্থী তাকে প্রায় ৫ ঘন্টা আটকে রেখে নিপীড়িত করে। সারা দেশেই নারীরা নিরাপত্তাহীনতার মধ্যে বাস করছে কিন্তু একটি বিশ্ববিদ্যালয়ে তারই ক্যাম্পাসের শিক্ষার্থীদের দ্বারা নিপীড়িত হওয়ার ঘটনা খুবই আশঙ্কার বিষয়।’
নেতৃবৃন্দ আরও বলেন, ‘বিশ্ববিদ্যালয় প্রশাসনও ক্যাম্পাসে শিক্ষার্থীদের নিরাপত্তা দিতে ব্যর্থ হচ্ছে। বিশেষত নারী শিক্ষার্থীদের জন্য নিরাপদ পরিবেশ, নিপীড়ন সেলের কার্যকারিতা তৈরি, অতীতের নিপীড়নের ঘটনাগুলোর বিচারসহ গুরুত্বপূর্ণ উদ্যোগগুলো দীর্ঘদিন ধরে উপেক্ষিত হয়েছে ক্যাম্পাসে। সেগুলোর সমাধান না করে প্রশাসন মেয়েরা কেন দেরী করে হলে ফেরে বা রাতে বাইরে থাকার দরকার কি বলে সান্ধ্য আইন জারি করার উদ্যোগের কথা বলছে।’
শিক্ষার্থীদের এই যৌক্তিক আন্দোলনের ফলে ৪ কর্মদিবসের মধ্যে তাদের দাবি আদায় না হলে দায়িত্বরত শিক্ষকদের পদত্যাগ করার সিদ্ধান্ত হয়েছে। দাবি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত শিক্ষার্থীদের আন্দোলন চালিয়ে যাওয়ার আহ্বান জানান নেতৃবৃন্দ।