ডেস্ক রিপোর্ট
৩১ মে ২০২২, ১:৫৫ অপরাহ্ণ
অধিকার ডেস্ক:: এমবাপ্পে-কাণ্ডের কারণে ব্যাপারটা একটু আড়ালে পড়ে গিয়েছে। না হলে কয়েক দিন আগেও পিএসজিকে নিয়ে আলোচনায় সবচেয়ে বড় বিষয় ছিল তো লিওনেল মেসির ফর্ম!
মেসি বার্সেলোনায় যেমন খেলতেন, পিএসজিতে এসে তেমন খেলতে পারছেন না। বার্সায় যেমন ভূরি ভূরি গোল করতেন, প্যারিসে এসে তেমন পারছেন না। খেলার ধরনও আগের মতো তেমন নেই। কত কথা, কত সমালোচনা! এত সমালোচনার পরেও ১১ গোল আর ১৪ গোলে সহায়তা নিয়ে মৌসুম শেষ করেছেন।
অন্য যেকোনো খেলোয়াড়ের পাশে এই পরিসংখ্যান থাকলে তাঁর প্রশংসা করার মানুষের অভাব হতো না। কিন্তু খেলোয়াড়টির নাম যে মেসি!
যে কারণে মেসি নামের পাশে এই পরিসংখ্যান বড্ড ম্লান লাগছে; এ কারণে এত সমালোচনা। এর আগে অনেকেই মেসির পাশে দাঁড়িয়েছেন, সমালোচনাকারীদের জবাব দিয়েছেন। প্রিয় বন্ধু নেইমারও এই দলে ছিলেন, সময়-সুযোগমতো মেসির পাশে দাঁড়িয়ে সমালোচনাকারীদের যুক্তি খণ্ডন করেছেন।
আবারও একই কাজ করলেন গতকাল। ফরাসি গণমাধ্যম কানাল প্লাসের ‘কানাল ফুতবল ক্লাব’ নামের অনুষ্ঠানে দেওয়া এক সাক্ষাৎকারে নেইমার পিএসজিতে প্রথম মৌসুমে মেসির ‘ব্যর্থ’ হওয়ার কারণ ব্যাখ্যা করেছেন, ‘ও অনেক বছর ধরে বার্সেলোনায় ছিল। এক ক্লাব থেকে অন্য ক্লাবে গিয়ে খাপ খাওয়ানোর ব্যাপারটা সহজ কিছু না। দল-শহর বদল করা অনেক কঠিন। এ ছাড়া, ও একা আসেনি এখানে। পুরো পরিবার যাতে খাপ খাওয়াতে পারে এখানে, সে ব্যাপারটাও আছে।’
পিএসজির অনেক খেলোয়াড় মেসির খেলার ধরন বোঝেন না বলেও মনে করেন নেইমার, ‘দল যেভাবে ফুটবল খেলছে, অনেক খেলোয়াড়ই আছে, যারা মেসির খেলার ধরন বোঝে না। তাই সেটাও একটা সমস্যা হয়ে দাঁড়িয়েছে। লিও, কিলিয়ান আর আমি—এ তিনজনকে মানুষ সব সময় পারফরম্যান্স, পরিসংখ্যান আর শিরোপার সংখ্যা দিয়ে বিচার করে।’